বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে স্পিনার কেবল একজন? ব্যাখ্যা দিলেন গিলেস্পি

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য পাকিস্তান ১৭ সদস্যের দল ঘোষণা করেছে গত ৭ আগস্ট। তবে তখন থেকেই আলোচনা, দলে বিশেষজ্ঞ স্পিনার মাত্র একজন কেন! এ নিয়ে আজ কথা বলেছেন পাকিস্তানের টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি।

অস্ট্রেলিয়ান সাবেক পেসার বলছেন, পাকিস্তানের দলটা ভারসাম্যপূর্ণই হয়েছে। আবরার আহমেদের পাশাপাশি সালমান আলী আগাকেও বিশেষজ্ঞ স্পিনার হিসেবেই মানছেন গিলেস্পি।

‘কেউ তো চাইলে যেভাবে খুশি দেখতেই পারে ব্যাপারটাকে, তবে শুরুতেই বলতে পারি, আমার চোখে আমাদের দলে দুজন স্পেশালিস্ট স্পিনার আছে। সালমান আলী আগাও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে স্বীকৃতি পাওয়ার মতোই ভালো একজন স্পিনার। আমি যা দেখেছি তাতে মনে হয়েছে, ওর অফ স্পিন দারুণ সম্ভাবনাময়। আবরার অবশ্যই দারুণ একজন স্পিনার, যে কিনা তার ক্যারিয়ারের শুরুর পর্যায়ে আছে’ – পাকিস্তানের দল নিয়ে গিলেস্পির বিশ্লেষণ।

দারুণ রোমাঞ্চকর একটা সিরিজের জন্য পাকিস্তানের দলটা ভারসাম্যপূর্ণ হয়েছে বলেও মনে করেন গিলেস্পি, ‘আমার মনে হচ্ছে, আমরা সবদিক খেয়াল রেখে দল সাজাতে পেরেছি। পেস বোলিংয়ে অনেক বিকল্প আছে আমাদের, স্পিন বোলিংয়েও আছে। ব্যাটিংটাও বৈচিত্রপূর্ণ। আমার মনে হয় সব দিক ঠিকঠাক আছে, এবং এই সময়টা পাকিস্তানের টেস্ট ক্রিকেটের জন্য দারুণ রোমাঞ্চকর।’

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২১ আগস্ট। সূত্রের উল্লেখ করে পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেটপাকিস্তান জানাচ্ছে, পিন্ডির উইকেট পেস-বান্ধব। পাকিস্তান প্রথম টেস্টে চার পেসার নিয়ে নামতে পারে বলেও জানিয়েছে তারা।

চার পেসার কারা হতে পারে, সে ধারণাও দিয়েছে। শাহিন আফ্রিদি, নাসিম শান ও মির হামজার খেলা নিশ্চিত জানিয়ে ক্রিকেট পাকিস্তান লিখেছে, চতুর্থ পেসারের জায়গাটার জন্য লড়াইটা চলছে খুররম শেহজাদ ও মোহাম্মদ আলীর মধ্যে। একাদশে একমাত্র স্পিনার হিসেবে আবরার নন, থাকতে পারেন সালমান আলী আগা।

বাংলাদেশ দল এরই মধ্যে পাকিস্তানে পৌঁছেছে, অনুশীলনও শুরু করেছে।