বাংলাদেশের কাছে হেরে ‘গলা চেপে ধরার লোক’ খুঁজছেন পাকিস্তানি ব্যাটসম্যান

পাকিস্তানের বিপক্ষে এর আগে কখনো টেস্ট হারেনি পাকিস্তান। ঘরের মাঠে তো কোনো সংস্করণেই হারেনি। সে গর্ব গতকাল রাওয়ালপিন্ডিতে চূর্ণ হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ১০ উইকেটে হেরেছে স্বাগতিক দল।

এমন এক হারের ধাক্কা সামলাতেই পারছে না দেশটির ক্রিকেটাঙ্গন। বর্তমান ক্রিকেটারদের সমালোচনায় মেতেছেন সাবেকরা। কেউ আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনায় মেতেছেন। এদিকে আপাতত জাতীয় দলের বাইরে থাকা ওপেনার আহমেদ শেহজাদ ‘গলা চেপে ধরার’ মতো কাউকে খুঁজছেন।

রাওয়ালপিন্ডি টেস্টের উইকেট, পাকিস্তানের একাদশ, দলের কৌশল ও খেলোয়াড়দের নিবেদন নিয়ে প্রশ্ন উঠেছে। আহমেদ শেহজাদের মতে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে দিন ছিল গতকাল। এবং এর পেছনে দায়ী ব্যক্তিকে খুঁজছেন তিনি, ‘পাকিস্তান দলের ঐতিহাসিক পতন শুরু হয়েছে। জাতিকে বারবার মিথ্যা বলা হচ্ছে। আজ বাংলাদেশের কাছে লজ্জাকর ঐতিহাসিক হারের পর, নোংরা রসিকতাটা আবার দেখা গেল। জাতি কার কাছ থেকে উত্তর পাবে, কার গলা চেপে ধরবে ওরা? এই পরিস্থিতির জন্য দায়ী কে?’

ভিডিও বার্তায় শেহজাদ আরও বলেছেন, ‘আমার জীবনে পাকিস্তানকে এত নিচে নামতে দেখিনি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং নিয়ে আরেকদিন কথা বলা যাবে না। কিন্তু পাকিস্তান ক্রিকেট এত নিচে নামেনি। এই হারের ধাক্কা সামলানো কঠিন হবে। আফগানিস্তানের বিপক্ষে হারের ধাক্কাই আজকের আগে সামলাতে পারেনি।’

এই ওপেনারের দাবি, ঘরোয়া ক্রিকেট কাঠামো ধ্বংস করার ফলেই এমন দিন দেখতে হচ্ছে তাদের, ‘আগেই বলেছি শর্ট টাইম সিদ্ধান্ত নিলে, ক্রিকেটেরই ক্ষতি হবে। পাকিস্তান ক্রিকেটে এমনিতেই অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের বিপক্ষে হার আশা করিনি। খেলোয়াড়দের দোষ নেই, বোর্ডেরই দায়। কারণ ওরা তো বলেনি তাদের নির্বাচন করতেই হবে। বোর্ডই তাদের খেলিয়ে যাচ্ছে। আপনারাই ঘরোয়ার ক্রিকেটার উঠতে দিচ্ছেন না। আপনি স্বীকার করছেন, ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ক্রিকেটার নেই। তাই যদি হয়, আপনার কী করেছেন?’