কদিন আগেই পাকিস্তানের ক্রিকেটে কাটাছেড়া করা হবে বলে জানিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তবে বাংলাদেশের সঙ্গে হারের পর এবার সমালোচনার মুখে নিজের পরিকল্পনা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান।
পাকিস্তান জাতীয় দলকে ঢেলে সাজাতে এআই-য়ের(কৃত্রিম বুদ্ধিমত্তা) সাহায্য নেবে পিসিবি। ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটার নির্বাচনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
বাংলাদেশের সঙ্গে হারের পর আলোচনায় উঠেছে বোর্ডের ক্রিকেটার নির্বাচন প্রক্রিয়া। এ নিয়ে গণমাধ্যমে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘সমস্যা হচ্ছে নির্বাচক কমিটির কাছে কোনো খেলোয়াড় পুল নেই যা থেকে ক্রিকেটার বাছাই করবে। আমি অস্ত্রোপচারের কথা বলেছিলাম কারণ আমরা সমস্যা সমাধান করতে চাই। কিন্তু যখন আমরা সমাধান করতে গেলাম, তখন আমরা ক্রিকেটারদের পুল বা কোনো ধরনের নির্দিষ্ট তথ্য পাইনি।’
পাকিস্তানের ক্রিকেটের খেলোয়াড় নির্বাচনের পুরো প্রক্রিয়াটি এলোমেলো ছিল জানিয়ে নাকভি বলেন, ‘আমাদের অনেক ক্রিকেটার আছে যাদের রেকর্ড আমাদের কাছে নেই। ঘরোয়া ক্রিকেটকে এই( চ্যাম্পিয়নস কাপ) টুর্নামেন্ট আরও মজবুত করবে। আমাদের ১৫০ ক্রিকেটারের পুল আছে এবং যেই সার্জারি করা দরকার তা এদের থেকেই নির্বাচকরা করবে।‘
ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে এআইয়ের ব্যবহার হবে জানিয়ে নাকভি বলেন, ‘যে ১৫০ ক্রিকেটারদের বাছাই করা হয়েছে তাদের ৮০ শতাংশ এআই দিয়ে করা এবং ২০ শতাংশ মানুষ দ্বারা। কেউই এটিকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। আমরা নির্বাচক কমিটিকে ২০ শতাংশ গুরুত্ব দিয়েছি। আমরা যদি একজন ক্রিকেটারকে বাদ দিয়ে আরেকজন দুর্বল ক্রিকেটারকে বাছাই করি আপনারা প্রশ্ন করতে পারবেন। তখন আমাদের কাছে রেকর্ড থাকবে এবং দলে আসার যোগ্য দাবিদার কে তা নিয়ে আমরা সবাই স্বচ্ছভাবে দেখতে পারব।’