বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হারের পর সমালোচনার মুখে পাকিস্তানের বোলিং লাইনআপ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করা হয়েছিল ম্যাচ শুরুর দুই দিন আগে। এবার সেই পথে না হাঁটলেও দ্বিতীয় টেস্টের জন্য ১২ জনের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর তাতেই বড় চমক দেখাল পিসিবি।
নিজেদের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদিকে দ্বিতীয় টেস্টের দলেই রাখেনি পাকিস্তান। এই বাঁহাতি পেসারের বদলে দলে জায়গা পেয়েছেন স্পিনার আবরার আহমেদ।
সিরিজ বাঁচানো ম্যাচে আফ্রিদিকে দলে না রাখার কারণও জানিয়েছেন হেড কোচ জেসন গিলেস্পি। আজ এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় টেস্টের দল নিয়ে কথা বলেছেন পাকিস্তানের লাল বলের দলের কোচ।
যেখানে আফ্রিদিকে বাদ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘ওর সঙ্গে আমার কথা হয়েছে, এই সিদ্ধান্তের পেছনের কারণ জেনে ও এটিকে সমর্থন জানিয়েছে। আমরা আমাদের সেরা কম্বিনেশন নিয়ে ম্যাচটি খেলতে চাই। শাহিনের জন্য সময়টা অন্যরকম, ও নতুন বাবা হয়েছে। এই বিরতি ওকে ওর পরিবারের সঙ্গে সময় কাটাতে দেবে।’
দ্বিতীয় টেস্টের জন্য ১২ সদস্যের দলের ভেতর রয়েছেন আরেক বাঁহাতি পেসার মীর হামজা। আবরার আহমেদের সঙ্গে একাদশে এই বাঁহাতি পেসারের জায়গা পাওয়ার সুযোগ রয়েছে।