বাংলাদেশই ছিল সর্বশেষ, ২০ মাস পর বাংলাদেশকে দিয়েই ফিরছেন ভারতের দলে

দুই টেস্ট আর তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে কদিন পরই ভারত যাবে বাংলাদেশ দল। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে মাঠে গড়াবে সিরিজ। তার আগে আজ বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য রোহিত শর্মার নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।

ভারতের দল নিয়ে বড় খবর, টেস্ট দলে ফিরছেন ঋষভ পন্ত। ২০২২ সালের ডিসেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে টেস্টই এখন পর্যন্ত ঋষভের ৩৩ টেস্টের ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট। ওই টেস্টের সপ্তাহখানেক পরই ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়েন বাঁহাতি ব্যাটসম্যান ও উইকেটকিপার। এরপর গত মার্চে আইপিএল দিয়েই ক্রিকেটে ফেরেন ২৬ বছর বয়সী এই তারকা।

এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন ভারতের হয়ে, গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতেও খেলেছেন। বাকি ছিল টেস্টে ফেরা, সেটিও হয়তো হয়ে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে।

পন্তের বাইরে ভারতের প্রথম টেস্টের দলে আলোচনা নতুন এক মুখ নিয়ে, পেসার যশ দয়ালকে দলে নিয়েছে ভারত।

 

ভারতের প্রথম টেস্টের দল

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, যশপ্রীত বুমরা, যশ দয়াল।