সাংবাদিকদের এড়াতে বেতনের অর্ধেকও বিসর্জন দিতে রাজি তিনি

মিডিয়ার সঙ্গে সম্পর্কটা কখনোই খুব বেশি ভালো ছিল না লুইস এনরিকের। বিশেষ করে ফরাসি ক্লাব পারি সাঁ জার্মেইর (পিএসজি) দায়িত্ব নেওয়ার পর সেটি আরও তলানিতে ঠেকেছে। পিএসজিতে কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে এনরিকেকে রীতিমতো বিরক্ত বানিয়ে ফেলেছিল সংবাদমাধ্যমগুলো।  কিন্তু বিরক্ত হলেই বা কী, প্রতিনিয়ত সাংবাদিকদের মুখোমুখি হতে হতো স্প্যানিশ এ কোচকে। কারণ, কোচদের মিডিয়ার সামনে পাঠাতে ক্লাবগুলো বাধ্য। এ নিয়ে চুক্তিবদ্ধও তারা। 

সম্প্রতি স্প্যানিশ প্ল্যাটফর্ম মুভিস্টার একটি ডকুমেন্টারির পর্দার অন্তরালের (বিহাইন্ড দ্য সিন) ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে এনরিকে জানিয়েছেন, মিডিয়ার মুখোমুখি হওয়াটা কতোটা অপছন্দ করেন তিনি। এমনকি এটাও জানিয়েছেন, মিডিয়ার দায়িত্ব এড়ানোর জন্য যদি তাঁর বেতনের ৫০ শতাংশ কেটেও রাখা হয়, তিনি সেখানেও রাজি হবেন। 

আজ শুক্রবার রাতে লিগ আঁ-র ম্যাচে রেনের মুখোমুখি হবে পিএসজি। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মিডিয়া প্রসঙ্গে এনরিকে বলেছেন, ‘আপনাদের সবার সঙ্গে দুর্দান্ত সময় কাটছে। প্রেসের সঙ্গে আমি ভালো আছি।’ সংবাদ সম্মেলনের নিয়ন্ত্রণটা যে নিজের হাতে চান, সেটা উঠে আসে এনরিকের পরের মন্তব্যে, ‘তবে সিদ্ধান্তটা যদি আমার হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমার এ নিয়ে কোনো সমস্যা থাকবে না। কিন্তু আমি কখনোই সংবাদ সম্মেলন সংক্ষিপ্ত করিনি। আমার যা বলার আছে, আমি সেটাই বলি। কখনো কখনো হয়তো সেটা অন্য ভাষায়। খুব বেশি ভালো না হলেও আমি বলি।’

ডকুমেন্টারির বিহাইন্ড দ্য সিনের ওই মন্তব্য প্রসঙ্গে পিএসজি কোচ বলেছেন, ‘ওটা একটা স্বতঃস্ফূর্ত মন্তব্য ছিল এবং সেটা সত্য। যদি এ মুহূর্তে আমার সামনে একটি কাগজ দিয়ে বলেন, আমার বেতনের ২৫ শতাংশ, এমনকি ৫০ শতাংশ কেটে রাখার বিনিময়েও আমাকে আর প্রেসের সঙ্গে কথা বলতে হবে না, আমি সেটাতে (বিনা দ্বিধায়) স্বাক্ষর করব।’

কিন্তু এনরিকে চাইলেই তো হবে না, ক্লাবগুলো আগে থেকেই তাদের কোচকে মিডিয়ায় পাঠাতে চুক্তিবদ্ধ। সেটি মনে করিয়ে দিয়ে এনরিকে বলেছেন, ‘কিন্তু এটা সম্ভব হবে না। কারণ ক্লাবগুলো যেভাবে চুক্তিবদ্ধ, তাতে কোচদের (মিডিয়ায়) কথা বলার বাধ্যবাধকতা আছে।’

এনরিকে যোগ করেন, ‘ব্যক্তিগত ভাবে আমি এটা উপভোগ করি। তবে যদি এড়াতে পারতাম, অবশ্যই এড়িয়ে যেতাম। বিশেষ করে ম্যাচ পরবর্তী সাক্ষাৎকার। তখন আমার কোনো শক্তিই থাকে না।’ মিডিয়া নিয়ে এতো বিরক্তি থাকলেও শেষে আবারও জানিয়েছেন, সাংবাদিকদের সঙ্গে ভালো সময় কাটছে, ‘আমি আবারও বলছি, আপনাদের সঙ্গে আমার ভালো সময় কাটছে।’