আগামী বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৈশ্বিক এ টুর্নামেন্টে কেবল হতাশাই সঙ্গী হয়েছে বাংলাদেশের। আগের পাঁচ বিশ্বকাপের ২১ ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে মোটে দুটি ম্যাচে। যার শেষটা এসেছিল এক দশক আগে, ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে!
এক দশকের আক্ষেপ ঘোচানোর মূল লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাসের বড় রসদ পেয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।
দুবাইয়ে আইসিসি একাডেমির ২ নম্বর মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। এরপর রান তাড়ায় নামা পাকিস্তানকে ১৮.৪ ওভারে ১১৭ রানেই গুটিয়ে দিয়েছেন মারুফা আক্তার-স্বর্ণা আক্তার-রাবেয়া খানরা।
একই ভেন্যুতে গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সে ম্যাচে লঙ্কানদের দেওয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১১০ রানে অলআউট হয়েছিলেন নিগার সুলতানারা। সে তুলনায় গতকাল পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের।
গতকাল সাথি রাণী ও দিলারা আক্তারের উদ্বোধনী জুটিতে ৩ ওভারেই ৩৩ রান পেয়েছিল বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে দলকে ৩৩ রানে রেখেই ড্রেসিংরুমের পথ ধরেন দিলারা (৮ বলে ১০ রান)। পরের ওভারের শেষ বলে আরেক ওপেনার সাথি বিদায় নেন ১৪ বলে ৫ চারে ২৩ রান করে।
বাংলাদেশের প্রথম সাত ব্যাটসম্যান গতকাল দুই অঙ্ক ছুঁয়েছেন। কিন্তু ৩০ এর কোঠা পেরোতে পারেননি কেউ। সর্বোচ্চ ২৮ রানের (১৭ বল) ইনিংসটা এসেছে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে।
পাকিস্তানকে গুড়িয়ে দেওয়ার পথে বল হাতেও বড় অবদান রেখেছেন স্বর্ণা। ৩ ওভারে ১৬ রানে নিয়েছেন ২ উইকেট। এছাড়া রাবেয়া, মারুফা ও ফাহিমাও দুটি করে উইকেট নিয়েছেন। ১টি উইকেট নিয়েছেন নাহিদা। ফাহিমার দারুণ ফিল্ডিংয়ে রান আউটে অন্য উইকেটটি হারিয়েছে পাকিস্তান।