আগামীকাল মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ-স্কটল্যান্ড। র্যাঙ্কিং বিবেচনায় নিগার সুলতানা জ্যোতিদের চেয়ে স্কটল্যান্ড পিছিয়ে থাকলেও বাছাইপর্ব পেরিয়ে আসা দলটি কিছু ক্ষেত্রে অনেক এগিয়ে। শারজায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলের বড় চ্যালেঞ্জ স্কটিশ স্কোয়াডে থাকা দুই বোন ক্যাথরিন ব্রেইস ও সারা ব্রেইস।
বিশ্বকাপে বাছাইপর্ব পেরিয়ে আসা স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে অনেকে এগিয়ে রাখলেও কাজটা মোটেও সহজ হবে না জ্যোতিদের। মেয়েদের ক্রিকেটে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা স্কটল্যান্ডের একাধিক ক্রিকেটার আছেন যারা ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। যার মধ্যে সবচেয়ে বড় দুই নাম অধিনায়ক ক্যাথরিন ব্রেইস ও সহঅধিনায়ক সারা ব্রেইস।
বিশ্বকাপের আগে স্কটিশ এই দুই ক্রিকেটার নিজেদের ঝালিয়ে নিয়েছেন ইংল্যান্ডের একাধিক টুর্নামেন্টে। ব্রেইস বোনদের মধ্যে ক্যাথরিন একজন অলরাউন্ডার, সেই সঙ্গে দলের অধিনায়কের দায়িত্বও তাঁর কাঁধে। ডানহাতি এই অলরাউন্ডারকে স্কটল্যান্ডের নারী দলের নিউক্লিয়াসও বলা হয়ে থাকে। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে ভারতের মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স প্রিমিয়ার লিগেও নিয়মিত খেলেন তিনি।
চলতি বছরে ইংল্যান্ডে মেয়েদের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ শার্লট এডওয়ার্ডস কাপে একক নৈপুণ্যে নিজ দল দ্য ব্লেজকে শিরোপা জিতিয়েছেন স্কটল্যান্ড অধিনায়ক ক্যাথরিন ব্রেইস। একই দলের হয়ে খেলছেন তাঁর বোন উইকেটকিপার সারা ব্রেইস।
শার্লট এডওয়ার্ডস কাপের ১২ ম্যাচে ১২০.১০ স্ট্রাইক রেট ও ৪৩.৪৫ গড়ে ৪৭৮ রান করেছেন ক্যাথরিন ব্রেইস। বল হাতে ৭.০৫ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট।
চলতি বছরে ভারতের উইমেন্স আইপিএলে গুজরাট জায়ান্টসের হয়ে ৮ ম্যাচে ব্যাট হাতে করেছেন ৮৩ রান ও উইকেট নিয়েছেন ৪টি।
টি-টোয়েন্টি ফরম্যাটের আদলেই ইংল্যান্ডে অনুষ্ঠিত আরেকটি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে এখন পর্যন্ত দুই দলের( ম্যানচেস্টার অরিজিনালস ও ট্রেন্ট রকেটস) হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন ক্যাথরিন। যেখানে ২০.২২ গড়ে ১৮২ রান ও ১৫টি উইকেট নিয়েছেন।
স্কটল্যান্ডের হয়ে ৪৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ক্যাথরিন ব্রেইস ব্যাট হাতে করেছেন ১১৯৭ রান, ৪.৩ ইকোনমি রেট ও ১৩.৪৭ গড়ে উইকেট নিয়েছেন ৪৬টি।
আন্তর্জাতিক ক্রিকেট ও অন্যান্য লিগ দাপিয়ে বেড়ানো স্কটল্যান্ড অধিনায়ক ক্যাথরিন ব্রেইসের পরিসংখ্যানই জানান দিচ্ছে এই অলরাউন্ডার একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন।
স্কটিশ অধিনায়কের বোন সারা ব্রেইসও বিশ্ব ক্রিকেটে নিজের জায়গা করে নিয়েছেন পারফরম্যান্স দিয়ে। ক্যাথরিনের চেয়ে বয়সে ছোট সারাহ একজন উইকেটকিপার ব্যাটার। বড় বোনের মতো নিজেও খেলেছেন দ্য হান্ড্রেডের দুইটি দলে। যেখানে ৩২ ম্যাচে ১০৮.৭৫ স্ট্রাইক রেটে করেছেন ৩৮৫ রান।
স্কটল্যান্ডের হয়ে ৫৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সারাহ ১০৮.৪৪ স্টাইক রেটে করেছেন ১২০৭ রান।
এই দুই ক্রিকেটার ছাড়াও স্কটল্যান্ড ক্রিকেটে আরো একাধিক ক্রিকেটার রয়েছে যাদের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে। লেগ স্পিনার আবতাহা মাকসুদও নিয়মিত ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৩ ম্যাচে নিয়েছেন ৫৪ উইকেট।
ক্যাথরিন-সারাহ-আবাতাহা এই তিন ক্রিকেটার ছাড়াও স্কটল্যান্ডের স্কোয়াডে অস্ট্রেলিয়া অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা স্পিনার সাস্কিয়া হরলি থাকছেন চমক হিসেবে। বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলা এই ওপেনার ইতিমধ্যে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪২ বলে ৪৮ রান করে তাঁর আগামনী বার্তা দিয়ে রেখেছেন।
স্কটল্যান্ড দলের ক্রিকেটারদের দেশের বাইরের লিগ খেলার অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটারদের থেকে অনেক বেশি। যা তাদের স্বাভাবিকভাবেই এগিয়ে রাখবে। এদিকে বাংলাদেশ দলে জাহানারা ছাড়া বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা বাকিদের নেই।
বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের জয় পেতে হলে অবশ্যই দুই বোনকে নিয়ে বাড়তি চ্যালেঞ্জ নিতে হবে। বিশ্বকাপের আগে আইসিসি আয়োজিত আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে বড় সতর্ক বার্তা ইতিমধ্যে দিয়ে রেখেছে স্কটল্যান্ড। অবশ্য বাংলাদেশও পাকিস্তানকে হারিয়ে নিজেদের কাজটা করে রেখেছে।
বাংলাদেশ সময় আগামীকাল বিকেল ৪টায় শারজাতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।