রাবাদা বিশ্ব রেকর্ডে, আর মোস্তাফিজ কিনা আটকে আছেন ৬৬-তে 

দুজনের বয়স সমান। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরে দুজনের দুই রকম শুরু। কাগিসো রাবাদার বাংলাদেশের বিপক্ষেই ওয়ানডে অভিষেক হলো, আর মোস্তাফিজুর রহমানের টেস্ট অভিষেক হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওয়ানডে সিরিজে বেশ ভালো করলেও টেস্ট সিরিজে বসে ছিলেন রাবাদা। এর ঠিক আগেই ভারতের বিপক্ষে আলো ছড়ানো মোস্তাফিজ তখন বিশ্ব ক্রিকেটেই ওয়ান্ডার বয়, রাবাদাকে নিয়ে তখনো আলোচনা সেভাবে হয়ইনি।

৯ বছর পর এখন কী দেখা যাচ্ছে? বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার আরেক সফরের শুরুতে আজ মিরপুরে প্রথম টেস্টের প্রথম দিনে মুশফিকুর রহিমের উইকেটটি নিয়ে রাবাদার টেস্টে ৩০০ উইকেট হয়ে গেল, সে পথে রেকর্ডও গড়ে ফেললেন। আর মোস্তাফিজ? টেস্টে তো সেই ২০২২ সালের জুনের পর থেকেই বাংলাদেশের বাঁহাতি পেসার অপ্রাসঙ্গিক, উইকেট সংখ্যায়ও রাবাদার প্রায় পাঁচ ভাগের এক ভাগ তিনি, মাত্র ১৫ টেস্টে সব মিলিয়ে ৬৬ উইকেট পেয়েছেন ফিজ। 

মিরপুরে আজ মোস্তাফিজকে নিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কিছুটা দীর্ঘশ্বাস ছড়িয়েই রেকর্ডটা গড়ে ফেললেন রাবাদা। কী রেকর্ড? বলের হিসেবে টেস্ট ইতিহাসে দ্রুততম ৩০০ উইকেটের।

ডেইল স্টেইন, শন পলক, মাখায়া এনটিনি, অ্যালান ডোলান্ড, মরনে মরকেল - দক্ষিণ আফ্রিকার হয়ে এর আগে টেস্টে ৩০০ উইকেট ছিল এই পাঁচ তারকার। এঁদের পাশে আজ নাম লিখিয়েছেন কাগিসো রাবাদা। তবে সে পথে রেকর্ডে পাকিস্তান কিংবদন্তি ওয়াকার ইউনুসকে ছাড়িয়ে গেলেন ২৯ বছর বয়সী প্রোটিয়া পেসার।

বলের হিসেবে টেস্টে দ্রুততম ৩০০ উইকেটের রেকর্ড যে এর আগে ছিল ওয়াকার ইউনুসের দখলে। রাবাদার ৩০০ উইকেট পেতে বল করতে হয়েছে ১১৮১৭টি। অপরদিকে এতদিন দ্রুততম ৩০০ উইকেটের মালিক থাকা ওয়াকার ইউনুসের এই মাইলফলক ছুঁতে বল লেগেছিল ১২৬০২টি। রাবাদা এই পাকিস্তানি কিংবদন্তি থেকে ৭৮৫টি বল কম করে রেকর্ডের শীর্ষে উঠে গেলেন।

দ্রুততম ৩০০ উইকেটের তালিকায় তিন নম্বরে আছেন আরেক দক্ষিণ আফ্রিকান ডেইল স্টেইন। এই ডানহাতি পেসারের ওয়াকারের চেয়ে ৩টি বল (১২৬০৫) বেশি লেগেছিল।

রাবাদার রেকর্ডের দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানেই অলআউট হয়ে যায়। রাবাদা নেন ৩টি উইকেট। দিন শেষে দক্ষিণ আফ্রিকার রান ৬ উইকেটে ১৪০।