চোটের কারণে মুশফিকুর রহিম থাকতে পারছেন না, তাঁকে ছাড়াই গতকাল ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু দল ঘোষণার একদিন পরই আজ এল আরেক দুঃসংবাদ, চোটের কারণে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে।
আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন শান্ত। সে কারণে আজ শারজায় চলমান তৃতীয় ওয়ানডেতেও দলে নেই বাংলাদেশ অধিনায়ক। তবে বিসিবির সিনিয়র ফিজিশিয়ান ডাক্তার দেবাশীষ চৌধুরীকে উদ্ধৃত করে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তর না থাকার খবর।
‘দলের ফিজিওর রিপোর্ট আর স্ক্যান রিপোর্ট আজ হাতে পেয়েছি আমরা, যেগুলো দেখে বোঝা গেছে ওর (শান্ত) বাঁ পায়ের কুঁচকিতে গ্রেড-২ লেভেলের টান খেয়েছে। এটা সারাতে বিশ্রাম ও পুনর্বাসনে কিছু সময় দরকার। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ও খেলতে পারছে না, ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও ওর খেলা হচ্ছে না। দুই সপ্তাহ পর ওর অবস্থা আবার দেখব আমরা। পুনর্বাসন প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আসবে ও’ – দেবাশীষ চৌধুরীকে উদ্ধৃত করে লিখেছে ক্রিকবাজ।
শান্তর জায়গায় আজ মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ দলকে আফগানিস্তানের বিপক্ষে নেতৃত্ব দিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও মিরাজই অধিনায়ক থাকতে পারেন বলে আভাস দিয়েছে ক্রিকবাজ।
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটিই বাংলাদেশের শেষ সিরিজ। সফরে দুই টেস্টের সিরিজের পর তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির দুটি সিরিজও খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু আগামী ২২ নভেম্বর, অ্যান্টিগাতে। ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট, সেটি হবে জ্যামাইকায়। আফগানিস্তান সিরিজ খেলেই টেস্ট সিরিজের দলে থাকা খেলোয়াড়েরা সরাসরি চলে যাবেন উইন্ডিজে, বাকিরা যাবেন ঢাকা থেকে।