আইপিএলের মেগা নিলামের আগে ক্রিকেটারদের ধরে রাখা নিয়ে অনেক আলোচনা চলছে। আগের মৌসুমে একাধিক ফ্র্যাঞ্চাইজি নিজ দলের অধিনায়ককেই ছেড়ে দিয়েছে। তবে দিল্লি ক্যাপিটালস তাঁদের অধিনায়ক ঋষভ পন্তকে ছেড়ে দেওয়ায় অবাক হয়েছেন সাবেক ক্রিকেটাররা।
ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার জানিয়েছেন বেতন নিয়ে একমত না হতে পারাতেই পন্তকে ছেড়ে দিয়েছে দিল্লি। সাবেক অধিনায়কের এমন মন্তব্য ভালোভাবে নেননি ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়ায় এখন ভারতীয় দলের অনুশীলনে ব্যস্ত সময় পার করা পন্ত সুনীল গাভাস্কারকে জবাব দিতে ভোলেননি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ গাভাস্কারের ভিডিও শেয়ার করে পন্তের দেওয়া জবাব আলোচনার জন্ম দিয়েছে।
স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে সুনীল গাভাস্কার জানান, পন্ত ও দিল্লি রিটেনশন ফি নিয়ে একমত হতে পারেননি। এই কারণেই হয়তো সাবেক অধিনায়ককে দলে রাখা হয়নি।
দিল্লি চার ক্রিকেটারকে ধরে রাখলেও ঋষভ পন্তকে রাখেনি। স্টার স্পোর্টসে দিল্লির স্কোয়াডকে নিয়ে আলোচনা করতে গিয়ে গাভাস্কার বলেন, ‘আমার মনে হয়, দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্তকে তাঁদের স্কোয়াডে ফেরাবে। যখন একজন ক্রিকেটারকে ধরে রাখতে হয়, তখন খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজির মধ্যে ফি নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা হবে। ওদের ফ্র্যাঞ্চাইজি (দিল্লি) কিছু খেলোয়াড় ধরে রেখেছে। ওরা এক নম্বার ক্রিকেটার ধরে রাখার চেয়েও বেশি ফি খরচ করেছে। তাই স্পষ্টভাবেই আমি মনে করি এখানে মতপার্থক্য হয়েছে। কিন্তু আমার মন বলছে দিল্লি পন্তকে ফিরিয়ে আনতে চাইবে।‘
স্টার স্পোর্টসের এই অনুষ্ঠানে গাভাস্কারের মন্তব্যের ভিডিও নিজের ভেরিফায়েড এক্স( সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করেন পন্ত। সেখানে ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি আমার রিটেনশনের (ধরে রাখা) সঙ্গে অর্থের সম্পর্ক নেই।‘
আইপিএলের মেগা নিলামের আগে মাত্র ৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। সবচেয়ে বেশি সাড়ে ১৬ কোটি রুপিতে আছেন অক্ষর প্যাটেল। এরপরই আছেন কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ত্রিস্টান স্টাবস (১০ কোটি) ও অভিষেক পোরেল (৪ কোটি)।
এই চার ক্রিকেটারকে দলে ভেড়ালেও পন্তকে নিলাম থেকে আবার নেওয়ার সুযোগ পাবে দিল্লি। আইপিএলের নিলামের নিয়মানুযায়ী একটি দল সর্বোচ্চ ৬ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে। ফলে দিল্লির কাছে এখনো আরও দুজন ক্রিকেটার ধরে রাখার সুযোগ রয়েছে।
নিলামে পন্ত বা দিল্লির হয়ে আগের মৌসুম খেলা কোনো ক্রিকেটারের যত মূল্য উঠবে তা দিয়েই রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ডের মাধ্যমে দুজনকে ফের নিজেদের দলে নেওয়ার সুযোগ থাকবে।
আইপিএলে মেগা নিলামে রিটেনশনসহ একটি দল সর্বোচ্চ ১২০কোটি রুপি খরচ করতে পারবে। এখন পর্যন্ত ৪৩ কোটি ৭৫ লাখ রুপি খরচ করেছে দিল্লি। নিলামে আরও ৭৬ কোটি ২৫ লাখ রুপি নিয়ে বসবে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মেগা নিলাম।