‘মানুষের আগ্রহ, প্রত্যাশা কিন্তু আমরাই তৈরি করেছি’

আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের জন্য আজ ট্রফি উন্মোচন হয়েছে। মিরপুরে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আইরিশদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের সামনে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার  সমীকরণ নিয়ে ভাবতে হচ্ছে। কারণ, সিরিজের সব ম্যাচ জিতলে সরাসরি বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশের। তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন বিশ্বকাপ নিয়ে আপাতত ভাবতে চান না।

বিশ্বকাপের প্রসঙ্গ আসতেই জ্যোতি বলেন,‘বিশ্বকাপের চিন্তা তো অনেক পরে! এখন আমাদের ম্যাচ বাই ম্যাচ মনোযোগ দেওয়া উচিত। আমাদের হাতে এটাসহ দুইটা দ্বিপাক্ষিক সিরিজ আছে। পয়েন্ট নেওয়া গুরুত্বপূর্ণ। সিরিজ ধরে যদি চিন্তা করি, সেটা ভালো হবে। তাই এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মনোযোগ থাকবে বেশি।’

সরাসরি বিশ্বকাপ খেলতে হলে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ জয়ের পরও উইন্ডিজদের বিপক্ষে সিরিজে বাংলাদেশের কমপক্ষে দুটি ম্যাচ জিততে হবে। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজকে চ্যালেঞ্জিং জানিয়ে আপাতত এই সিরিজকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে চান জ্যোতি, ‘ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই চ্যালেঞ্জিং। আমরা যদি এখান থেকে ভালো একটা সিরিজ শেষ করতে পারি, দল হিসেবে অবশ্যই পরের সিরিজে আমাদের মানসিকভাবে এগিয়ে রাখবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুরু করাটা। যদি ভালো একটা শুরু পাই, সেটা ধরে রাখতে পারলে এই দলটি ভালো করতে পারবে।’

ঘরের মাঠে বাংলাদেশ ভারত-পাকিস্তানের সঙ্গে ভালো পারফরম্যান্স করার পর থেকেই নারী ক্রিকেট নিয়ে সমর্থকদের অনেক আগ্রহ তৈরি হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে খারাপ পারফরম্যান্স করলেও আইরিশদের বিপক্ষে সিরিজে স্পন্সর পেয়েছে বাংলাদেশ। এই প্রসঙ্গে নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘সবকিছু (মানুষের আগ্রহ, প্রত্যাশা, স্পন্সর আসা) কিন্তু আমরাই তৈরি করেছি। আজকে যদি আপনারা এখানে এসে থাকেন, প্রশ্ন করছেন আগে ভালো ছিল বা এমন-অমন ছিল, এটা আমরাই তৈরি করেছি। তো এটা ধরে রাখার দায়িত্ব আমাদের। আমি বলব, বিশ্বাস রাখেন। কারণ দল কষ্ট করছে।’  

আইরিশদের বিপক্ষে সিরিজকে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখছেন জ্যোতি ‘এই সিরিজটা বলব, আমাদের দলের জন্য ঘুরে দাঁড়ানোর জায়গা। যেই জিনিসটা আমরা তৈরি করেছি, ইনশাআল্লাহ্‌ এই সিরিজেই হতে পারে... আমাদের কাছে অনেক সুযোগ আছে। ভারত-পাকিস্তান সিরিজে যেটা আমরা করেছি, যেন আরও অনেক বেশি মানুষ আগ্রহ দেখায় এবং মিডিয়াও যেন আরও বেশি ফোকাস করে।’