শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা

৮৩ বল, ৪২ রান, তাতেই শেষ ১০ উইকেট – এদিকেও রেকর্ড, সেদিকেও রেকর্ড

দক্ষিণ আফ্রিকার ডারবানে ২০১৯ সালে কুশল পেরেরার সেঞ্চুরিতে ঐতিহাসিক এক টেস্ট ম্যাচ জিতে রেকর্ড গড়েছিল শ্রীলঙ্কা। আজ সেই ডারবানেই লজ্জার রেকর্ড গড়েছে দিমুথ করুনারত্নের দল। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪২ রানে অলআউট হয়ে ১২৫ বছর পর আগের স্মৃতি ফিরিয়েছে শ্রীলঙ্কা।

ডারবানে আজ টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে লঙ্কান বোলারদের তোপে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যায়। শ্রীলঙ্কা কত রানের লিড নিতে পারবে, তখন আলোচনা বরং এ নিয়েই ছিল। সেখানে যে ঘণ্টাখানেক পর উল্টো দক্ষিণ আফ্রিকাই ১৪৯ রানের লিড পেয়ে যাবে, কে ভেবেছিল! নিজেদের প্রথম ইনিংসে যে ১৩.৫ ওভারেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা!

লজ্জার একাধিক রেকর্ড যে এতে হয়ে গেছে, তা আর বলতে! ১৮৯৯ সালের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো দলের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড এটি।  

লঙ্কানদের ইনিংসে একাই ধস নামিয়েছেন পেসার মার্কো ইয়ানসেন। ৬.৫ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। বাঁহাতি এই প্রোটিয়া পেসার ৭ ওভারের ভেতর ৭ উইকেট নেওয়ার মাধ্যমে ১২০ বছর আগের এক কীর্তি ফিরিয়েছেন। এর আগে টেস্ট ক্রিকেটে ১৯০৪ সালে অস্ট্রেলিয়ার হিউ ট্রাম্বল ৭ ওভারের মধ্যে ৭ উইকেট নেওয়ার প্রথম কীর্তি গড়েছিলেন।

৪২ রানে অলআউট হয়ে শ্রীলঙ্কার কী কী রেকর্ড হলো? প্রথমত, এটিই লঙ্কানদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ইনিংস। এর আগের সর্বনিম্ন ইনিংসটি ছিল ৭১ রানের, যা পাকিস্তানের বিপক্ষে ১৯৯৪ সালে করেছিল লঙ্কানরা।

ডারবানে অ্যাঞ্জেলা ম্যাথিউসদের আজকের ৪২ রানই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলুড়ে কোনো দেশের সর্বনিম্ন ইনিংস। এর আগে ২০১৩ সালে কেপটাউনে নিউজিল্যান্ড ৪৫ রানে অলআউট হয়েছিল।

এছাড়াও একটা রেকর্ডে দক্ষিণ আফ্রিকার পরের জায়গাটিই দখলে নিয়েছে শ্রীলঙ্কা। টেস্টে সবচেয়ে কম বল খেলে কোনো দলের অলআউট হওয়ার দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড এটি। আজ শ্রীলঙ্কার ইনিংসের স্থায়ীত্ব ছিল ৮৩ বল, ১৯২৪ সালে মাত্র ৭৫ বলে ৩০ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। যা এখনো কম বল খেলে অলআউট হওয়ার সর্বনিম্ন রেকর্ড।  

প্রথম ইনিংসে ৪২ রানে অলআউট হওয়ার দিনে শ্রীলঙ্কার কেবল দুইজন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন। যাদের একজন বোলার লাহিরু কুমারা (১০ রান)। আরেক জন কুশল মেন্ডিস - ১৩ রান। ৫ জন ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি।