আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ ঢাকার ধানমন্ডি ৪ ক্রিকেট মাঠে এক প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) “হুইলচেয়ারে সহমর্মিতা” শীর্ষক এই বিশেষ ক্রিকেট ম্যাচের আয়োজন করে।
অন্তর্ভুক্তিমুলক সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চ্যালেঞ্জগুলো তুলে ধরার লক্ষ্যে আয়োজিত হয় ম্যাচ। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।
প্রীতি এই ম্যাচে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের নেতৃত্ব দেন মোহাম্মদ মহসিন। প্রতিপক্ষ দলে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার ও নারী ক্রিকেট দলের সালমা খাতুন। ম্যাচে অংশগ্রহণ করা সকলেই হুইলচেয়ারে বসে খেলেছেন।
আয়োজিত সেই ম্যাচ উপলক্ষ্যে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। সেই সঙ্গে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার, আ্যানা পিটারসন- ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল), অস্ট্রেলিয়ান হাই কমিশন ও যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাক্টিং ইনফরমেশন অফিসার আশা বেহ।
স্টেফান লিলার এই আয়োজন নিয়ে বলেন, ‘কেউ পেছনে পড়ে থাকবে না এটাই আমাদের প্রতিশ্রুতি। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, উন্নয়ন ও সংকট মোকাবিলায় তাদের সম্পৃক্ততাকে অগ্রাধিকার দিই এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। এই বিশেষ ইভেন্টটি প্রতিবন্ধী অন্তর্ভূক্তিকে মুলধারায় আনতে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।’
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন ‘ইউএনডিপিকে ধন্যবাদ এরকম উদ্যোগ নেয়ার জন্য। মাঠে হুইলচেয়ার ক্রিকেটারদের দক্ষতা এবং খেলার প্রতি ভালবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি নিজে হুইলচেয়ারে বসে খেলে দেখেছি। তারা শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে এগিয়ে যাচ্ছে। আমাদের সবার উচিত নিজেদের অবস্থান থেকে তাঁদের সমর্থন করা।’