গতকাল বৃহস্পতিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ উইকেটে হেরে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এ ম্যাচ চলাকালে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে উইন্ডিজ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স এবং বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট ও ওয়ানডে সিরিজের পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো উইন্ডিজ টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ক্যাসি কার্টি। এছাড়া চোটের কারণে সর্বশেষ দুই সিরিজে খেলতে না পারা বিধ্বংসী ওপেনার জনসন চালর্সও ফিরছেন এ সিরিজে।
আগামী ১৬ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে সিরিজের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ ডিসেম্বর।
এ সিরিজে শাই হোপ ও শেরফান রাদারফোর্ডকে পাবে না উইন্ডিজ। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলতে দেশ ছাড়বেন তারা। একই কারণে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলা হবে না আকিল হোসেনের। তাঁর পরিবর্তে সিরিজের শেষ ম্যাচে দলে যোগ দেবেন জেডেন সিলস।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল:
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রান্ডন কিং (সহ-অধিনায়ক), ক্যাসি কার্টি, জনসন চার্লস, রোস্টন চেস, জাস্টিন গ্রেভস, টেরেন্স হিন্ডস, আকিল হোসেন (প্রথম দুই ম্যাচ), জেডেন সিলস (শেষ ম্যাচ), আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুডাকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।