গত নভেম্বরে বাংলাদেশকে নিজের জাত চিনিয়েছেন। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। প্রথম ওয়ানডেতে তো বাংলাদেশকে একাই হারিয়েছিলেন ৬ উইকেট নিয়ে।
স্পিন ভেলকিতে সবার নজর কেড়ে নেওয়া আল্লাহ গজনফর কদিন আগে আইপিএলেও দল পেয়েছেন। এবার বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল এই অফ স্পিনারের। তবে এখন তা আর সম্ভব হচ্ছে না। কারণটা অবশ্য তাঁর দেশ আফগানিস্তানই।
জাতীয় দলের হয়ে ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সের ফল পেয়েছেন গজনফর, ডাক পেয়েছেন আফগানিস্তানের টেস্ট দলে। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া টেস্টে অভিষেকও হয়েছে এই অফ স্পিনারের। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থাকায় এবার বিপিএলে আসছেন না এই আফগান তারকা।
গজনফারের বিপিএলে না আসার বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে গজনফারের ছবি দিয়ে এক পোস্টে রংপুর ক্যাপশনে লিখেছে, ‘অভিনন্দন এএম গজনফার, এসেছে (আফগানিস্তানের পতাকা) জাতীয় টেস্ট দলের ডাক: রাইডার্স জার্সিতে খেলা হচ্ছে না বিপিএল।’
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত টেস্ট ম্যাচে ১২৭ রান দিয়ে প্রথম ইনিংসে আফগানিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন গজনফার। ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন ও ব্রায়ান বেনেটের সেঞ্চুরিতে ৫৮৬ রান করেছে জিম্বাবুয়ে।