ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশের (৩-০) পর অস্ট্রেলিয়া সফরে গিয়েও নাকানি-চুবানি খেয়েছে ভারত। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ ব্যবধানে সিরিজ হেরেছেন রোহিত শর্মা -যশপ্রীত বুমরা-বিরাট কোহলিরা। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নও শেষ হয়ে গেছে ভারতের।
এ দুই সিরিজেই রোহিত-কোহলিদের বাজে পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনা চলতে থাকে। ক্রিকেটারদের পারফরম্যান্সে উন্নতি আনার সম্ভাব্য উপায় খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর সেটা করতে গিয়ে কোহলি-রোহিতদের ওপর কড়াকড়ি সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে বিসিসিআই।
খেলোয়াড়দের সব স্বাধীনতা কেড়ে নেওয়া, পরিবারের সঙ্গে সময় কাটাতে না দেওয়া, আর শুল্ক বাড়ানো- মনে হতে পারে জেলখানায় পাঠানো হচ্ছে কোহলিদের।
ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরানের খবর অনুসারে, বোর্ড মনে করছে, বিদেশ সফরে পরিবারের সঙ্গে বেশি সময় কাটানো খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে। আর সে কারণে এখন থেকে দেশের বাইরে খেলতে গেলে পরিবারের সঙ্গে সময় কাটানো ‘সীমিত’ করার পথে হাঁটছে বিসিসিআই।
তা সীমিত বলতে কত দিন? সেটা নির্ভর করবে সফরের সময় সীমার ওপর। জাগরানের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশ সফর যদি ৪৫ দিন বা এর বেশি হয়, সেক্ষেত্রে স্ত্রী-পরিবারের সঙ্গে সর্বাধিক দুই সপ্তাহ বা ১৪ দিন সময় কাটানোর সুযোগ পাবেন ক্রিকেটাররা। আর ৪৫ দিনের কম সফরের ক্ষেত্রে, ৭ দিন পরিবারের সদস্যদের সঙ্গে থাকতে পারবেন তাঁরা।
শুধু পরিবারের সঙ্গে সময় কাটানো নয়, এখন থেকে বাধ্যতামূলকভাবে টিমবাসে যাতায়াত করার নিয়ম চালু করতে পারে বিসিসিআই। আর এ নিয়ম অনুসারে, কোনো ক্রিকেটার আলাদাভাবে যেতে পারবেন না বলে উল্লেখ করা হয়েছে জাগরানের প্রতিবেদনে।
কোচ গৌতম গম্ভীরের ওপরেও শক্ত অবস্থানে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জাগরান জানাচ্ছে, এখন থেকে দলের সঙ্গে একই হোটেলে থাকতে পারবেন না গম্ভীরের ম্যানেজার গৌরব অরোরা। এমনকি বসতে পারবেন না স্টেডিয়ামের ভিআইপি বক্সেও। এমনকি টিম বাসের সঙ্গেও যেতে দেওয়া হবে না অরোরাকে।
এছাড়া খেলোয়াড়রা যখন বিদেশ সফরে গেলে, লাগেজের ১৫০ কেজি পর্যন্ত শুল্ক দেবে বিসিসিআই। লাগেজের ওজন এর বেশি হলে সেটার শুক্ল এখন থেকে খেলোয়াড়দের বহন করার সিদ্ধান্ত আসছে বলে উল্লেখ করেছে জাগরান। এছাড়া সাপোর্ট স্টাফদের সময়সীমা সর্বোচ্চ ৩ বছর করার কথাও ভাবছে বিসিসিআই।
ভারতীয় আরেক সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ গম্ভীর ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার বিসিসিআইয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে বসেছিলেন। নবনিযুক্ত সচিব ও কোষাধ্যক্ষ সেখানে উপস্থিত ছিলেন। এ বৈঠকেই নতুন এ নিয়মগুলো নিয়ে আলোচনা হয়েছে।