কোহলিদের নিয়ে সন্দেহ গাভাস্কারের

ভুয়া সার্টিফিকেট দেখিয়ে বাড়তি সুবিধা নিচ্ছেন তারা?

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর থেকে ভারতের ক্রিকেটে যেন ঝড় বয়ে যাচ্ছে। ক্রিকেটারদের কড়া শাসনে রাখতে বিসিসিআই নতুন সব নিয়ম আরোপ করেছে। তবে ঘরোয়া ক্রিকেটে সেই নিয়ম না মানায় চটেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

বিসিসিআই কদিন আগে ক্রিকেটারদের জন্য নতুন ১০টি গাইডলাইন দিয়েছিল। যেখানে ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ সকল ক্রিকেটারের ঘরোয়া ক্রিকেট বাধ্যতামূলক খেলার নিয়ম রয়েছে। তবে গত সপ্তাহে রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের ম্যাচে লোকেশ রাহুল ও বিরাট কোহলি খেলেননি।

এই দুই ক্রিকেটার না খেলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। অথচ রাহুল-কোহলি চোটের কারণে খেলতে পারেননি।

কোহলি ঘাড়ের ব্যথ্যা ও রাহুল কনুইয়ের চোটে ২৩ জানুয়ারি শুরু হওয়া রঞ্জির ম্যাচে খেলেননি। তবে সিনিয়র দুই ক্রিকেটারের এভাবে না খেলা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গাভাস্কার। বলেছেন, ভারতে আজকাল মেডিক্যাল সার্টিফিকেট খুব সহজেই পাওয়া যায়।

রঞ্জির পঞ্চম রাউন্ডে কোহলি-রাহুলদের না দেখায় ভারতের গণমাধ্যম স্পোর্টসস্টারের এক কলামে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সুনীল গাভাস্কার।

সেই কলামে তিনি লিখেছেন, ‘মজার ব্যাপার হচ্ছে ওরা না খেললে বিসিসিআই কি ব্যবস্থা গ্রহণ করে। ওরা কী চোটে পড়েছিল? চোটের জন্য একটি মেডিক্যাল সার্টিফিকেট নেওয়া খুব সহজ কাজ। ওরা যদি চোটে পড়ে থাকে, তাহলে চিকিৎসা বা পুনর্বাসনের জন্য এনসিএতে গিয়েছে? নিতিশ রেড্ডি পেশিতে টান পড়ায় সঙ্গে সঙ্গে ওখানে গিয়েছে।’

ভারতীয় কোনো ক্রিকেটার চোটে পড়লে তাঁর দেখভালের দায়িত্ব এনসিএ-র। তবে কোহলি-রাহুলের চোটের ব্যাপারে এনসিএ কিছু না জানানোর কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গাভাস্কার। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বিসিসিআইয়ের নিয়ম নীতি না মানার কারণে কোনো ধরনের শাস্তি হবে কিনা সেটি দেখার অপেক্ষায় আছেন সাবেক এই অধিনায়ক।

রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডে না খেললেও দিল্লির হয়ে রেলওয়েসের বিপক্ষে ষষ্ঠ রাউন্ডে খেলতে নামবেন কোহলি এবং রাহুল কর্ণাটকের হয়ে খেলবেন হরিয়ানার বিপক্ষে।