দেশের সার্বিক পরিস্থিতিতে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলে ধরে নিয়েছেন অনেকেই। বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞার পর সেই ধারণা আরও তীব্র হয়েছে। তবে কাগজে-কলমে ওয়ানডে ক্রিকেটকে বিদায় না জানানো সাকিব চ্যাম্পিয়নস ট্রফির আগে আজ বাংলাদেশের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফের আলোচনায় এসেছেন।
সাকিবের অভিষেকের পর এই প্রথম বাংলাদেশ এই অলরাউন্ডারকে ছাড়া আইসিসির কোনো ইভেন্টে খেলতে যাচ্ছে। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে জানতে চাওয়া হয় দল সাকিবকে মিস করবে কিনা।
এমন প্রশ্নের জবাবে শান্ত অনেকটা রেগে যান। উল্টো সাংবাদিককে জিজ্ঞেস করেন তিনি কেন এই প্রশ্নটা করলেন। তবে শান্ত জানিয়েছেন সাকিব থাকলে ভালো হতো দলের জন্য।
শান্ত সাকিবকে মিস করলেও এখন এই প্রসঙ্গে কথা বলা যৌক্তিক মনে করেন না শান্ত, ‘সাকিব ভাইকে অবশ্যই মিস করব। এই প্রশ্ন কেন করলেন আমি জানি না। সবাই জানি এই উত্তর অনেক খেলোয়াড় দিয়েছে, অবশ্যই সাকিব ভাইকে মিস করব, থাকলে ভালো হতো। অনেকবার উত্তর পেয়েছেন। আমার মনে হয় না এক টুর্নামেন্টে যাওয়ার আগে এই প্রসঙ্গে বলা যৌক্তিক হবে। যে দায়িত্ব পাবে সেই সাকিবের রোল প্লে করবে।’
সাকিবকে মিস করলেও নিজের ওয়ানডে ফর্ম শান্তকে অনেকটাই স্বস্তি দিচ্ছে। পরিসংখ্যানও অন্তত তাই বলছে, সবশেষ ১০ ইনিংসে শান্তর ব্যাট থেকে এসেছে ৪৯৩ রান, গড়টা ৬১.৬২। নিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন ম্যাচ জেতানো ৭৬ রানের ইনিংস।
এ নিয়ে স্বস্তিতে থাকা শান্ত বলেন, ‘ওয়ানডের স্মৃতিটা আমার ভালো, শেষ ম্যাচে ভালো ইনিংস খেলেছিলাম আফগানিস্তানের সঙ্গে। টি-টোয়েন্টিতে ভালো অবস্থানে নেই। জিনিসটা হলো আন্তর্জাতিক ক্রিকেটে গত বছর মোটামুটি রান করেছি, কিন্তু স্ট্রাইক রেট হয়তো ওরকম আপ টু দ্য মার্ক ছিল না। কিন্তু সব মিলিয়ে যদি রানের কথা বলেন, রান মোটামুটি ভালো করেছি। যদিও আমার সক্ষমতা, আমি বিশ্বাস করি এর চেয়েও আমি ভালো ব্যাটসম্যান। ওই ফরম্যাট নিয়ে চিন্তা করছি না, ওয়ানডে ফরম্যাটটা ভালো যাচ্ছে।’
চ্যাম্পিয়নস ট্রফির ১৫ জনের স্কোয়াড নিয়ে শান্ত খুবই খুশি ও আত্মবিশ্বাসী। যে-ই খেলবে একা হাতে ম্যাচ জেতাতে পারে, এই সামর্থ্য সবার আছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘মিডল ওভারে উইকেট যদি নিতে পারে স্পিনাররা, দলের জন্য খুব ভালো। তাদের মধ্যে এই সামর্থ্য আছে। শেষ (ওয়েস্ট ইন্ডিজ) সিরিজে হয়তো হয়নি। মিডল ওভারে উইকেট নিতে পারিনি। তার মানে এই না সামনে পারব না। অতীতে অনেক ম্যাচে মিরাজ মিডল ওভারে উইকেট নিয়ে জিতিয়েছে, নাসুম, রিশাদ আছে। সবার সামর্থ্য আছে। যে দায়িত্ব পাবে, দলের জন্য কতটুকু দিচ্ছে এটা গুরুত্বপূর্ণ, বিশ্বাস করি ভালো কিছু করবে।’