ভারতকে টেক্কা দেওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ কিছু পেয়েছেন তিনি

আইসিসির যেকোনো টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই এ আলোচনা শুরু হয়। সর্বোচ্চ লাভের আশায় গ্রুপপর্বেই ভারত-পাকিস্তানের দেখা করিয়ে দেয় আইসিসি। আর সে সুবাদে শুরু হয় এই মহারণ নিয়ে কথার লড়াই।

বৈরী দুই দেশের এ লড়াই অনেক সময় আর মাঠে আটকে থাকে না। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায়, টুর্নামেন্টে এক দল কী করল, তার চেয়ে এই ম্যাচের জয়টা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সর্বশেষে কয়েকটি টুর্নামেন্টের আগে অনেক সাবেক পাকিস্তানি ক্রিকেটারকে বলতে দেখা গেছে, বিশ্বকাপ জিতুক আর না জিতুক, ভারতকে হারাতে পারলেই পাকিস্তান খুশি।

এবারও কি এমন কিছু হবে? পাকিস্তানের বর্তমান সহ-অধিনায়ক আগা সালমানকে প্রশ্ন করা হয়েছিল। সাবেকদের চেয়ে নিজেকে বেশি বিচক্ষণ বলে প্রমাণ করেছেন সালমান। চ্যাম্পিয়নস ট্রফি জয়ের বিনিময়ে ভারতের কাছে হারতে আপত্তি নেই তাঁর।

আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল। এর আগেই ভারত বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলবে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবে পাকিস্তান।

গত চ্যাম্পিয়নস ট্রফিতেও একই গ্রুপে ছিল ভারত ও পাকিস্তান। সেবার গ্রুপপর্বের ম্যাচে ১২৪ রানের ব্যবধানে হেরেছিল পাকিস্তান। তবে ফাইনালে এর বদলা নিয়েছিল ১৮০ রানের জয়ে।

পিসিবির পডকাস্টে হাজির হওয়া সালমান বলেছেন, ‘আমি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে রোমাঞ্চিত। পাকিস্তান একটি আইসিসি ইভেন্ট আয়োজন করছে। লাহোরে বেড়ে উঠেছি বলে, নিজ শহরে এই ট্রফি উঁচিয়ে ধরা হবে স্বপ্ন পূরণ হওয়া। পাকিস্তান দলের এটা জয়ের ভালো সম্ভাবনা আছে।’

ভারতের বিপক্ষে গ্রুপপর্বে জয় নাকি চ্যাম্পিয়নস ট্রফি, কোনটি বেছে নেবেন?- এমন প্রশ্নে আগা বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের আবহই অন্যরকম। সবাই যেমনটা বলে, বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ। কিন্তু সত্যি বলতে এটা শুধু একটা ম্যাচ। তাই একটি ম্যাচ জেতার চেয়ে চ্যাম্পিয়নস ট্রফি জেতা বেশি গুরুত্বপূর্ণ।’

আগে সাবেকরা ভারতের বিপক্ষে জয়কে বেশি গুরুত্ব দিলেও সালমান সে পথে হাঁটতে চান না, ‘যদি এই ম্যাচ জিতে চ্যাম্পিয়নস ট্রফি না জিতি তাহলে তো কোনো লাভ নেই। আর যদি আল্লাহ না করুক, ওই ম্যাচ হারের পরও চ্যাম্পিয়নস ট্রফি জিতি, তবে আমার মতে সেটাই বেশি গুরুত্বপূর্ণ।’ 

তাই বলে ভারত ম্যাচে একবিন্দু ছাড় দেবেন না সালমানরা, ‘আমরা সবাই ভারত ম্যাচ জিততে চাই, এবং আমরা জেতার চেষ্টা করব। আমিও ওদের বিপক্ষে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’