নাতিপুতির সঙ্গে খেলার বয়সে ‘দাদু’ গড়লেন চোখ কপালে তোলা রেকর্ড

বয়স যে কেবলই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ হল ক্রিকেটের ২২ গজে। যে বয়সটা নাতিপুতিদের সঙ্গে সময় কাটানোর, সেই বয়সে নিজেই আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড গড়ে বসলেন আন্ড্রু ব্রাউনলি।
 
ফকল্যান্ড আইল্যান্ডসের হয়ে খেলতে নেমে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে অভিষেকের রেকর্ড গড়ে ফেলেছেন আন্ড্রু ব্রাউনলি। কোস্টারিকার বিপক্ষে সম্প্রতি টি-টোয়েন্টিতে ম্যাচে অভিষেক হওয়ার দিনে ব্রাউনলির বয়স ছিল ৬২ বছর ১৪৭ দিন। 

রেকর্ড গড়লেও মাঠের পারফরম্যান্সে বলার মতো কিছু করতে পারেননি ব্রাউনলি। কোস্টারিকার বিপক্ষে তাঁর ক্যারিয়ারের প্রথম ম্যাচে ৭ বলে ১ রান করেছেন। 

এরপর আরো দুটি ম্যাচ খেলা ব্রাউনলির ব্যাট থেকে এসেছে মাত্র ৫ রান। দুটি ম্যাচে বল করলেও উইকেটের দেখা পাননি। কোস্টারিকার বিপক্ষে সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ১০৬তম দল হিসেবে অভিষেক হয়েছে ফকল্যান্ড আইল্যান্ডসের। 

ফকল্যান্ড আইল্যান্ডস দলটাকেই অবশ্য বুড়োদের দল বলে দেওয়া যায়। দলের ক্রিকেটারদের মধ্যে ৩ জনের বয়স ৫৬ বছরের বেশি। এমনকি একাদশে খেলা দুই জন ক্রিকেটার বাদে বাকি সবার বয়স ৪০-এর বেশি।  
 
এর আগে গত বছর মেয়েদের ক্রিকেটে ৬৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে নেমে অনন্য এক কীর্তি গড়েছিলেন জিব্রাল্টারের নারী ক্রিকেটার সেলি বার্টন। জিব্রাল্টার নারী ক্রিকেট দলের হয়ে মাঠে নামার সময় এই উইকেটকিপার-ব্যাটারের বয়স ছিল ৬৬ বছর ৩৩৪ দিন।