দুই সফরের সূচিতে বদল 

বড় পরীক্ষা সামনে, তাই পাকিস্তানের সঙ্গে হিসেবটা বদলে নিয়েছে বাংলাদেশ 

আগামী মে মাসে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশ দলের। এফটিপির অন্তর্ভুক্ত এই সূচিতে এবার বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্মতিতে পরিবর্তন আসছে। শুধু এই সিরিজেই নয়, এফটিপির বাইরে থাকা সিরিজ খেলতে জুলাইয়ে পাকিস্তানের বাংলাদেশের সফরের সূচিতেও পরিবর্তন আসছে। পাকিস্তানের গণমাধ্যম একপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এফটিপির সূচি অনুযায়ী পাকিস্তান গিয়ে বাংলাদেশ ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা থাকলেও সেখান থেকে ওয়ানডে ম্যাচগুলো বাদ দেওয়া হয়েছে। ওয়ানডে সিরিজের বদলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান। দুই দেশের এই সিরিজ বদলে যাওয়ার বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ও কমিনিউকেশনের পরিচালক সামিউল হাসান।  

পাকিস্তানের গণমাধ্যম দ্য একপ্রেস ট্রিবিউন তাদের প্রতিবেদনে জানিয়েছে, জুলাই মাসে পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচিতেও বদল এসেছে। এফটিপির বাইরে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ৩টি ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সেটিকেও বদলে ৩ টি-টোয়েন্টির সিরিজ করা হচ্ছে। 

মূলত আগামী বছরে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই বোর্ডের সম্মতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া চলতি বছরের এশিয়া কাপও আয়োজিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তাই দুটি বড় টুর্নামেন্টের আগে ওয়ানডে সিরিজের বদলে টি-টোয়েন্টি সিরিজেই আগ্রহ দুই দেশের বোর্ডের।

আগামী ১১ এপ্রিল থেকে ১৮ মে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনুষ্ঠিত হবে। এরপরেই ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে ৫ টি-টোয়েন্টির সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান।