সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদরা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্টে ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের।
এরই মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল। আর ৫ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
এর মধ্যে মিরপুর টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই দলে নেই নাহিদ রানা। তবে সম্প্রতি চোটের কারণে ত্রিদেশীয় সিরিজ খেলতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে আছেন লিটন কুমার দাস।
নাহিদ রানা না থাকলেও ১৫ সদস্যের দলে ৪জন পেসার রেখেছে বিসিবি। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে পেসার হিসেবে দলে জায়গা পেয়েছেন এবাদত হোসেন। স্পিনার হিসেবে তাইজুল ও মিরাজের পাশাপাশি আছেন নাঈম হাসান।
ব্যাটিং অর্ডারে তেমন পরিবর্তন নেই। সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত কিংবা লিটন দাস অনুমিতভাবেই আছেন। তাদের সঙ্গে স্কোয়াডে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।
মিরপুর টেস্টের বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরীফুল ইসলাম।


