তামিমকে ধূমপান করার অনুমতি দেননি চিকিৎসক

হার্ট অ্যাটাকের বিষয়টি মেনে নিতে পারছেন না তামিম ইকবাল। আজ এক সংবাদ সম্মেলনে এভার কেয়ারের চিকিৎসক এমনটাই জানিয়েছেন। কবে তামিম মাঠে ফিরতে পারবেন কবে বাসায় যেতে পারবেন সবকিছুর উত্তর দিয়েছেন এভার কেয়ারের চিকিৎসকরা।

আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এভার কেয়ারের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘তামিমের যেটা হলো ও এটাকে নিতে পারছে না। সাইকোলজিক্যালি (মানসিকভাবে) এটাকে মেনে নিতে পারছে না, যে এটা হবে সে কল্পনা করেনি। কিন্তু এটার কিন্তু অনেক ইতিহাস আছে। অনেক খেলোয়াড় খেলার সময় মাঠে মারা গেছে, অজ্ঞান হয়ে গেছে- এমন অনেক ইতিহাস আছে।‘

তামিমের মানসিক অবস্থার জন্য কী করতে হবে তা জানিয়ে চিকিৎসক বলেন, ‘মানসিক অবস্থার জন্য আমরা কাউন্সিলর ইনভলব করেছি। এটাকে কীভাবে মানিয়ে নেওয়া যায়, তার প্রশ্ন শুনবে, প্যানিক শুনবে তারপর গাইড করবে।’

হার্ট অ্যাটাকের বিষয়টা মেনে নিতে না পারার কারণ ব্যাখ্যা করে এই চিকিৎসক বলেন, ‘এই বয়সে দুর্দান্ত একটা প্লেয়ার, একটা বিশ্বমানের প্লেয়ার, আমাদের গৌরব, এই ছেলেটার হার্ট অ্যাটাক হবে- সে এইটা কেমনে মানবে। মানাটা কঠিন, মাত্র ৩৬ বছর বয়স। কিন্তু এটাকে মেনে নিতে হবে। সেজন্য আমরা কাউন্সেলিং করছি। রিহ্যাব করব আমরা। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।’

চিকিৎসক আরও যোগ করেন, ‘স্মোকিংটা ও হঠাৎ করে ছাড়তে পারছে না। প্রথমে তো ও বলছিল ছাড়তেই পারবে না। পরে বলল, “আস্তে আস্তে ভেপ (ই-সিগারেট) নিতে পারব?”, আমি বলছি না, “ভেপ নিতে পারবে না এটাতে ক্যানসারের ঝুঁকি থাকে।” তারপরে আজকে সকালে সে বুঝল, তারপর আমি বললাম ঠিক আছে নিকোটিন প্যাঁচ বা গাম … ও এটা মেনে নিয়েছে। এবং সে সিগারেট খেতে চাচ্ছে কিন্তু আমরা অনুমতি দিচ্ছি না। কারণ সিগারেট খাইলে সে সমস্যাটা হয়েছিল- বিটিপি সেটা আবার হতে পারে।’

কবে তামিম বাসায় ফিরতে পারবেন এই ব্যাপারে চিকিৎসক জানান মেডিক্যাল বোর্ড পর্যালোচনা করে ২-৩ দিন পর জানাবে কখন তাঁকে ছাড়া যাবে।