পিএসএলের পুরো সময়ে এনওসি

পাকিস্তানকে কাছে টেনে জিম্বাবুয়েকে দূরে ঠেললেন লিটন

চ্যাম্পিয়নস ট্রফির পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে মাঠ ফিরছে বাংলাদেশ। তবে সাদা পোশাকের এই সিরিজে খেলবেন না লিটন দাস। জিম্বাবুয়ে সিরিজের সময় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হবে। পিএসএলে এবার বাংলাদেশের তিন জন ক্রিকেটার-নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন দল পেয়েছেন।

এদের মধ্যে নাহিদ-লিটন দুজনই বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত মুখ। তবে লিটন দাস নিজেই নিশ্চিত করেছেন পাকিস্তান সুপার লিগে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন তিনি।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে লিটনের অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। লিটন নিজেই জানিয়েছেন বিসিবি তাঁকে পুরো পিএসএলের মৌসুমের জন্য এনওসি দিয়েছে। ফলে জিম্বাবুয়ে সিরিজে লিটনের না থাকার সম্ভাবনা বেশি।

তবে পেসার নাহিদ রানা পুরো মৌসুমের জন্য পিএসএলে যাচ্ছেন না। সেই প্রতিবেদনেই জানানো হয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পরেই পিএসএলে যাবেন নাহিদ। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম টেস্ট শুরু আগামী ২০ এপ্রিল। আর পিএসএল শুরু হচ্ছে ১১ এপ্রিল। লিটনের করাচি কিংসের প্রথম ম্যাচ ১২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে।

এদিকে লেগ স্পিনার রিশাদ হোসেন টেস্ট দলের ভাবনায় না থাকায় পিএসএলের পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র পেয়েছেন।