আইপিএল খেলতে নেমে প্রথম বলেই ছক্কা মেরেছেন কারা?

গতকাল শনিবার মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএল খেলতে নামেন বৈভব সুরিয়াভানসি। মাঠে নামার সঙ্গে সঙ্গেই সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল অভিষেকের রেকর্ডে নাম উঠেছে বাঁহাতি ওপেনারের। তবে শুধু মাঠে নামার রেকর্ড দিয়েই থেমে থাকেননি বৈভব, নিজের প্রথম ম্যাচে নাম তুলেছেন আরও তিনটি রেকর্ডে।

লক্ষ্মৌ সুপার জায়ান্টসের ১৮০ রান তাড়ায় ইয়াসাসভি জয়সোয়ালের সঙ্গে ওপেনিংয়ে নামেন বৈভব। শার্দুল ঠাকুরের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম তিন বল খেলেন জয়সোয়াল। চতুর্থ বলে প্রথমবার স্ট্রাইক পান বৈভব। মুখোমুখি প্রথম বলেই দারুণ এক শটে কভার অঞ্চলের ওপর দিয়ে ছক্কা হাঁকান রাজস্থান রয়্যালসের ১৪ বছর বয়সী এ ওপেনার। এ ছক্কা শুধু সীমানার ওপারেই আছড়ে পড়েনি, বৈভবকেও নিয়েছে রেকর্ড বইয়ে।

আইপিএলে সবচেয়ে কম বয়সে ছক্কা মারার রেকর্ডটা এখন ১৪ বছর বয়সী এ কিশোরের। এতদিন রেকর্ডটা ছিল রিয়ান পরাগের দখলে। পরাগ প্রথম ছক্কা মেরেছিলেন ১৭ বছর ১৬১ দিন বয়সে। শুধু ছক্কাই নয়, সবচেয়ে কম বয়সে চার মরার রেকর্ডটাও গতকাল নিজের করে নিয়েছে বৈভব। ছয় বছর ধরে সে রেকর্ডটা ছিল প্রয়াস রায় বর্মণের।

আইপিএলে মুখোমুখি প্রথম বলে ছক্কা- তাতেও একটা রেকর্ড হয়েছে। তবে সে রেকর্ড বৈভবই প্রথম গড়েনি। রাজস্থানের বাঁহাতি এ কিশোর ওপেনারের আগে আরও ৯ জন আইপিএল ক্যারিয়ারের প্রথম বলে ছক্কা মেরেছিলেন।

বৈভবসহ আইপিএল ক্যারিয়ারে প্রথম বলে ছক্কা মারা খেলোয়াড়ের তালিকা:

খেলোয়াড়

দেশ

আইপিএল দল

সাল

রব কুইনি

অস্ট্রেলিয়া

রাজস্থান রয়্যালস

২০০৯

কেভন কুপার

ওয়েস্ট ইন্ডিজ

রাজস্থান রয়্যালস

২০১২

আন্দ্রে রাসেল,

ওয়েস্ট ইন্ডিজ

কলকাতা নাইট রাইডার্স

২০১২

কার্লোস ব্র্যাথওয়েট

ওয়েস্ট ইন্ডিজ

দিল্লি ডেয়ারডেভিলস

২০১৬

অনিকেত চৌধুরী

ভারত

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

২০১৭

জাভোন সিয়ারলেস    

ওয়েস্ট ইন্ডিজ

কলকাতা নাইট রাইডার্স

২০১৮

সিদ্ধেশ লাড

ভারত

মুম্বাই ইন্ডিয়ানস

২০১৯

মহীশ তিকশানা

শ্রীলঙ্কা

চেন্নাই সুপার কিংস

২০২২

সামির রিজভী

ভারত

চেন্নাই সুপার কিংস

২০২৪

বৈভব সুরিয়াভানসি

ভারত

রাজস্থান রয়্যালস

২০২৫

 

এমন রেকর্ডের দিনে ২০ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রান করে আউট হন বৈভব। ব্যক্তিগত রেকর্ডে উজ্জ্বল থাকলেও তাঁর দল রাজস্থান জিততে পারেনি। লক্ষ্মৌর ১৮০ রান তাড়ায় রাজস্থান ম্যাচটা হেরেছে ২ রানে।