ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল সাময়িক স্থগিত হলেও ফের মাঠে গড়াতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগটি। তবে এর মধ্যেই বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরে গেছেন। আগামী সপ্তাহে আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আইপিএলে যাবেন কিনা এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
আইপিএল খেলা অস্ট্রেলিয়ার সব ক্রিকেটারই তাদের দেশে ফিরেছেন। শুধু কোচিংয়ের দায়িত্ব পালন করা সাবেক অস্ট্রেলিয়ান তারকা রিকি পন্টিং, ব্র্যাড হাডিন এখনো ভারতে আছেন।
জানা গেছে দু-একদিনের ভেতরেই সব ক্রিকেটারদের যার যার ম্যাচ ভেন্যুতে ফিরতে বলা হবে। তবে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড জানাচ্ছে, অস্ট্রেলিয়ার যেসব ক্রিকেটাররা ফের ভারতে যেতে চাইবে না তাদের পাশে থেকে সমর্থন জানাবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আইপিএলে দল পেয়েও পরে খেলতে না গেলে দুই বছরের জন্য নিষিদ্ধের বিধান রেখেছে বিসিসিআই। যার প্রথম ভুক্তভোগী হয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ক্রিকেটারদের অধিকার সবার আগে দেখবে। এটিই একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (১১ জুন) সামনে থাকায় ক্রিকেটারদের যথেষ্ট সময় বিশ্রাম দিতে চাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিয়মিত সূচি অনুযায়ী আগামী ২৪ মে পর্যন্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এনওসি(অনাপত্তিপত্র) পেয়েছে আইপিএল খেলার জন্য। তবে এরপর আইপিএলে খেলতে চাইলে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে ফের অনুমতি নিতে হবে ক্রিকেটারদের।
অস্ট্রেলিয়ান গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড আরও জানাচ্ছে, সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য যুক্তরাজ্যের বিমান ধরার আগে ট্রাভিস হেড, কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডরা পরিবারের সঙ্গে বাড়িতে সময় কাটাবেন।
ভারতের গণমাধ্যমের সূত্রের খবর বলছে, আগামী ১৬-১৭ মে’র মধ্যে আইপিএলের বাকি অংশ (১৬ ম্যাচ) মাঠে গড়াবে। এমন অবস্থায় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আইপিএলে না এলে শেষ মুহূর্তে বিপাকে পড়তে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি।