সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে আর খেলতে পারবেন কি না - এই প্রশ্নের উত্তর বিসিবির দায়িত্বশীল কেউই নির্দিষ্ট করে বলতে পারছেন না। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতির দায়িত্ব পাওয়া আমিনুল ইসলাম বুলবুলও এক অর্থে ধরাবাঁধা কথাই বলেছেন।
তবে সাকিবের দলে ঢোকা-না ঢোকার প্রক্রিয়ায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কোনো ভূমিকা থাকার সম্ভাবনার প্রশ্ন উড়িয়ে দিয়েছেন তিনি। বাঁহাতি অলরাউন্ডারকে দল নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে বলে জানিয়েছেন বুলবুল।
আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নবনির্বাচিত বোর্ড সভাপতি সাকিবের ফেরা নিয়ে ও বাংলাদেশ দলের অলরাউন্ডারদের ঘাটতি নিয়ে প্রশ্নে কথাগুলো বলেছেন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স ও সাকিবের ফেরা নিয়ে বুলবুল বলেন, ‘ফার্স্ট অফ অল আপনি একমাত্র আজকে ক্রিকেট নিয়ে কোশ্চেন করেছেন। আজকে দল… আমরা সবাই টেনশনে আছি। এজন্য যে আমরা একটা ম্যাচ হেরেছি। আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং আমাদের এই জানেন যে টি-টোয়েন্টি আমাদের একটা সিলেকশন টিম আছে। এই টি-টোয়েন্টি টিমে বেশ কিছু অলরাউন্ডার অলরেডি আছে। আর সাকিবের ব্যাপারটা বলছেন… সাকিব তো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডারস। এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।’
সাকিবের খেলার ব্যাপারে সিদ্ধান্ত কি উপদেষ্টা থেকে আসবে না আপনি নেবেন - এমন প্রশ্নের জবাবে একটু কঠিন উত্তর দিয়েছেন বোর্ড সভাপতি। এই ব্যাপারে বুলবুল বলেন, ‘উপদেষ্টার কলের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো সিলেক্টর না! তবে এটা আমাদের যে ক্রিকেট বোর্ডের যে সিলেকশন কমিটি আছে তারা দেখবে এবং আমাদের সিলেকশন একটা প্রসেস বা একটা সিস্টেম আছে, তারা সেটা ফলো করবে, এবং সেটা আমরা রেসপেক্ট করব।’