নিকোলাস পুরান

জাতীয় দল মাঠে নামছে আজ, আর তিনি কিনা দিলেন অবসরের ঘোষণা

টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটসম্যান বলতে এক কথায় সবার আগে যাঁদের নাম আসে, তার মধ্যে নিকোলাস পুরানের নাম থাকবেই! ২০১৬ সালে অভিষেক ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে, এরপর শুধুই নিজেকে ছাড়িয়ে গিয়েছেন। কদিন আগেই কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়েছিলেন, এবার চিরতরে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন পুরান।

আইপিএলের পর থেকে বিশ্রামে আছেন পুরান, ইংল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের চলমান টি-টোয়েন্টি সিরিজেও খেলছেন না এই বাঁহাতি ব্যাটসম্যান। সেই সিরিজ ইতোমধ্যে হেরে বসেছে ক্যারিবিয়ানরা। আজ বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নামবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। তার মধ্যেই সবাইকে চমকে দিয়ে মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন পুরান। নিজের অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। 

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হওয়ার পর থেকে ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান নিজেকে বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পুরো বিশ্বকে চিনিয়েছেন। যার বড় প্রমাণ ২০২৪ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার (১৭০) রেকর্ড নিজের নামে করা।

পুরানের তিন ফরম্যাটের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে এক প্রকার ধাক্কা দিয়েছে। বিবিসি জানিয়েছে, নিজের সিদ্ধান্তের কথা গতকালই বোর্ডকে জনিয়েছেন পুরান। 

সামাজিক যোগযোগ মাধ্যম ইন্সটাগ্রামে অবসরের সিদ্ধান্ত জানিয়ে পুরান লিখেছেন, ‘(উইন্ডিজের) মেরুন জার্সি গায়ে চাপানো, জাতীয় সঙ্গীতের জন্য মাঠে দাঁড়ানো এবং মাঠে নামার পর নিজের সবটুকু উজাড় করে দেওয়া- এসব আমার জন্য কেমন ছিল, তা ভাষায় প্রকাশ করা কঠিন। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়াটাও ছিল অনেক বড় সম্মানের এবং সবসময় তা আমার হৃদয়ের খুব কাছে থাকবে। যদিও আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়েছে, তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা শেষ হবে না।’ 

১০৬ ম্যাচ খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পুরানের রান সংখ্যা ২২৭৫। স্ট্রাইক রেট ১৩৬.৩৯। ফিফটি ১৩টি, সর্বোচ্চ ৯৮। ছক্কা মেরেছেন ১৪৯টি। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ, রান, ছক্কা - সব রেকর্ডই পুরানের। 

২০১৯ সালে ওয়ানডে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন ৬১টি ম্যাচ। ৩৯.৬৬ গড়ে রান করেছে ১৯৮৩। সেঞ্চুরি ৩টি, ফিফটি ১১টি।