আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার ৫ টি শহরে আয়োজিত হবে ৫০ ওভারের এই বিশ্বকাপ। আজ এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে।
আগামী ৩০ স্পেটেম্বর বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের মেয়েদের প্রথম ম্যাচ ২ অক্টোবর।
৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে দুই স্বাগতিক দেশ ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ। ভারত-পাকিস্তান সংঘাতের পর দুই দেশের খেলা নিয়ে সংশয় থাকলেও এবার তা কেটে গিয়েছে। ৫ অক্টোবর কলম্বোতে হবে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২ অক্টোবর। যেখানে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচের জন্য ভারতের বিমান ধরবে বাংলাদেশের মেয়েরা। ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে গৌহাটিতে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ।
রাউন্ড-রবিন পদ্ধতিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ মোট সাতটি ম্যাচ খেলবে চার ভেন্যুতে। যার মধ্যে ভিশাখাপত্তনমেই খেলবে তিন ম্যাচ, কলম্বোতে দুই ম্যাচ, গৌহাটি ও বেঙ্গালুরুতে একটি। নিগার সুলতানাদের সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর গৌহাটি অথবা কলম্বোতে অনুষ্ঠিত হবে। আগামী ২ নভেম্বর বেঙ্গালুরু অথবা কলম্বোতে ফাইনাল হবে।
এক নজরে বাংলাদেশের সূচি
| প্রতিপক্ষ | তারিখ | ভেন্যু |
| পাকিস্তান | ২ অক্টোবর | কলম্বো |
| ইংল্যান্ড | ৭ অক্টোবর | গৌহাটি |
| নিউজিল্যান্ড | ১০ অক্টোবর | ভিশাখাপত্তনম |
| দক্ষিণ আফ্রিকা | ১৩ অক্টোবর | ভিশাখাপত্তনম |
| অস্ট্রেলিয়া | ১৬ অক্টোবর | ভিশাখাপত্তনম |
| শ্রীলঙ্কা | ২০ অক্টোবর | কলম্বো |
| ভারত | ২৬ অক্টোবর | বেঙ্গালুরু |