১১৪ রানে অপরাজিত থেকে গতকালকের দিন পার করেছিলেন ভারতের অধিনায়ক গুবমান গিল। এজবাস্টনে আজ দ্বিতীয় দিনে নেমে যা করলেন তা রীতিমত একের পর রেকর্ডবুকে গিলের নাম লিখিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেশনেই আজ ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন গিল।
গিলের ডাবল সেঞ্চুরির পথে ভারত প্রথম ইনিংসে ৫৮৭ রান সংগ্রহ করেছে। ত্রিপল সেঞ্চুরির সুযোগ থাকলেও ২৬৯ রানে ফিরেছেন গিল। ভারতীয় অধিনায়ক ছাড়া আর কেউই সেঞ্চুরির দেখা পাননি। রবীন্দ্র জাদেজা করেছেন ৮৯ রান ও জয়সোয়াল করেছেন ৮৭।
ইংলিশদের বিপক্ষে পাহাড় সমান রান গড়ার পথে গিল ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন।
এর আগে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির ২৫৪* রান ছিল সর্বোচ্চ, যা ২০১৯ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে করেছিলেন কোহলি। শুধু তা-ই নয় দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন গিল। ২৫ বছর ২৯৮ দিনে গিল ডাবল সেঞ্চুরি করেছেন। এর আগে সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসেবে ১৯৬৪ সালে ২৩ বছর ৩৯ দিনে মনসুর আলি খান পতৌদি ডাবল সেঞ্চুরি করেছিলেন।
ডাবল সেঞ্চুরির মাধ্যমে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রানের ইনিংসটিও নিজের দখলে নিয়েছেন গিল। এর আগে ১৯৭৯ সালে সুনীল গাভাস্কারের করা ২২১ রানের ইনিংসটি ছিল সর্বোচ্চ।
শুধু ভারতীয় হিসেবেই নয়। এশিয়ান অধিনায়ক হিসেবেও অনন্য এক রেকর্ড গড়েছেন গিল। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার একমাত্র এশিয়ান অধিনায়ক হিসেবে সেনা( সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশে ডাবল সেঞ্চুরি করেছেন। এর আগে সর্বোচ্চ ১৯৩ রানের ইনিংস ছিল লঙ্কান ক্রিকেটার তিলকারত্নে দিলশানের। যা ২০১১ সালে লর্ডসে ইংলিশদের বিপক্ষে করেছিলেন।
ভারতীয় উপমহাদেশের বাইরে ২৫০+ রানের ইনিংসের ক্লাবে যাওয়া গিলই একমাত্র ভারতীয় ক্রিকেটার। এর আগে শচীন টেন্ডুলকারের সিডনিতে করা ২৪১* রানের ইনিংসটি সর্বোচ্চ।