বলছেন আকরাম খান

বাংলাদেশের ক্রিকেট ডুবছে? উদ্ধার করতে এখানেও দরকার একজন ‘হামজা’

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ – বড় এই তারকাদের বিদায়ের পর বাংলাদেশের ক্রিকেটকে যে একটা পালাবদলের চক্রের মধ্য দিয়ে যেতে হবে, তা তো জানাই ছিল। তবে পালাবদলের প্রক্রিয়াটা মোটেও ভালো হচ্ছে না। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে বাদ পড়া বাংলাদেশ শ্রীলঙ্কা আর পাকিস্তানের মতো দলের কাছে তো সিরিজ হেরেছেই, সংযুক্ত আরব আমিরাতেও সিরিজ হেরে এসেছে!

তারকার অভাব আর দলের এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে ক্রিকেট নিয়ে দেশের মানুষের আগ্রহে। মাস দুয়েক আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সম্প্রচারের জন্য আগ্রহী কাউকে পাওয়া যায়নি, এই মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ সম্প্রচার করতেও এখনো আগ্রহী কাউকে পাওয়া যায়নি।

এমন অবস্থা দেখে বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান বলছেন, ক্রিকেটে দর্শক আগ্রহ জাগাতে এখন একজন আইকন দরকার। তুলনা হিসেবে তিনি টেনে এনেছেন হামজা চৌধুরী আসার পর বাংলাদেশের ফুটবল নিয়ে উন্মাদনার কথা।

লেস্টার সিটির হয়ে গত মৌসুম পর্যন্তও প্রিমিয়ার লিগে খেলা হামজা গত মার্চে বাংলাদেশের জার্সি গায়ে চড়িয়েছেন প্রথমবার। তাঁর পর কানাডা থেকে সামিত সোম, ইতালি থেকে ফাহামেদুল ইসলামও এসেছেন। বাংলাদেশের ফুটবল নিয়ে আগ্রহও বেড়েছে কয়েকগুণ। গত মাসে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে দর্শক উন্মাদনা ছিল দেখার মতো!

আকরাম খানের মনে হচ্ছে, ক্রিকেটেও এমন কাউকে দরকার। আজ মিরপুরে সাংবাদিকদের আকরাম বলেছেন, ‘আপনি যদি পারফর্ম না করেন, তাহলে তো প্রভাব পড়বেই। এটা এখন না হোক, পরে হবে। একটা দেশে আইকন অনেক গুরুত্বপূর্ণ। ফুটবলে হামজা এসেছে, আগের তুলনায় অনেক জনপ্রিয়তা বেড়েছে, আগ্রহ বেড়েছে। আমার বাসায় আমার মেয়েও গেছে খেলা দেখতে।’

সাকিব-তামিম-মাশরাফি-মুশফিক-মাহমুদউল্লাহদের বিদায়ের পর এমন একজন আইকনের প্রয়োজনীয়তা আরও বেড়েছে বলে মনে হচ্ছে আকরামের, ‘এ ধরনের (হামজার মতো) আইকন খুব গুরুত্বপূর্ণ। যখন সাকিব ছিল, তামিম ছিল, মুশফিক ছিল, তখন কিন্তু আমাদেরও আগ্রহ বেড়েছে। দলও ভালো পারফর্ম করেছে। দল যদি খারাপ করে তাহলে তো প্রভাব ফেলবে।’

আইকন থাকলে দর্শকের আগ্রহ কীভাবে কাজ করে, সেটার একটা ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন আকরাম, ‘মানুষ খেলা দেখে, যাকে পছন্দ করে, তার খেলা দেখে। সে যদি পারফর্ম না করে, তাহলে নিরাশ হয়ে যায়। আপনার ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ আইকন খেলোয়াড়র জন্য। বড় বড় যারা খেলোয়াড় আছে, তারা বেশির ভাগ ম্যাচে পারফর্ম করে, যে জিনিসটা আমরা এখন করতে পারছি না। আমাদের ধারাবাহিকতার খুবই অভাব। এটা থেকেই বের হতে হবে।’