ফুটবলে পারছে না, ক্রিকেটে বিশ্বকাপ খেলবে ইতালি

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা, অথচ সর্বশেষ দুই ফিফা বিশ্বকাপে খেলার সুযোগই পায়নি ইতালি। ফুটবলে বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া ইতালি এবার নতুন ইতিহাস লিখেছে ক্রিকেট দিয়ে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ইউরোপের দেশটি।

আগামী বছরের মার্চ-এপ্রিলে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-বিশ্বকাপের টিকিট পাওয়ার কাজটা আগের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে অনেকটা সেরে রেখেছিল ইতালি। টিকিটটা পাকাপাকি করতে শেষ ম্যাচে বড় ব্যবধানের পরাজয় এড়ালেই চলত দলটির।

গতকাল ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৯ উইকেটে হেরেছে ইতালি। এ হারেও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। আর বড় জয় পাওয়া নেদারল্যান্ডসও পেয়েছে বিশ্বকাপের টিকিট।

হেগে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান তোলে ইতালি। ইনিংসের ২২ বল আর ৯ উইকেট হাতে রেখে এ রান পেরিয়ে যায় নেদারল্যান্ডস। এতে ৫ দলের বাছাইপর্বে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস।

আর ডাচদের কাছে হেরে সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে ইতালি। তিনে থাকা জার্সির পয়েন্টও সমান ৫। তবে ইতালির (০.৬১২) চেয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় স্বপ্নভঙ্গ হয়েছে জার্সির (০.৩০৬)।

গতকাল ইতালি-নেদারল্যান্ডস ম্যাচের আগে স্কটল্যান্ডকে ১ উইকেটে হারিয়ে বিশ্বকাপ খেলার নিভু নিভু আশা বাঁচিয়ে রেখেছিল জার্সি। এরপর ইতালি আগে ব্যাটিং করে ১৩৪ রান তুললে জার্সির বিশ্বকাপে যেতে সমীকরণ দাঁড়ায়, নেদারল্যান্ডস ম্যাচটা ১৪.১ ওভারের মধ্যে জিতলে ডাচদের সঙ্গে বিশ্বকাপে যাবে জার্সিও।

পাওয়ার প্লে-র ৬ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তুলে জার্সির আশার পালে হাওয়া দিয়েছিল নেদারল্যান্ডস। সে পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ায় ইতালিয়ানরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে ইতালি ম্যাচটা নিয়ে যায় ১৭তম ওভারে। এতে একদিকে জার্সির বিদায় নিশ্চিত হয়, অন্যদিকে ইতিহাসে নাম ওঠে ইতালির।