এশিয়া কাপের সূচি প্রকাশ

‘সতীনে’র মতো ঝগড়া শেষে ঠিকই দুইবার মুখোমুখি ভারত-পাকিস্তান

এ বছর এশিয়া কাপ আয়োজন নিয়ে টালবাহানা কম হয়নি। অবশেষে সব শঙ্কা কেটেছে, এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আজ (২৬ জুলাই) এক বিবৃতিতে এসিসি ভেন্যু সহ ৮ দলের এই টুর্নামেন্টের ফরম্যাট কেমন হবে তা ঘোষণা করেছে।

কদিন আগে ভারত-পাকিস্তান সংঘাতের পর শঙ্কা জেগেছিল দুই দেশের আন্তর্জাতিক ক্রিকেটে একে অপরের বিপক্ষে খেলা নিয়ে। কিন্তু এই এশিয়া কাপের সূচি ঘোষণার পর সেটিও কেটেছে। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী ফাইনালের আগে কমপক্ষে দুই বার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। 

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর, ফাইনাল ২৮ সেপ্টেম্বর। দুই গ্রুপে ভাগ হয়ে মোট আটটি দল অংশ নেবে এশিয়া কাপে।

এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তানের সঙ্গে লড়বে সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ আগামী ৯ সেপ্টেম্বর  হংকং-আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আগামী ১১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে হংকংয়ের বিপক্ষে। লিটন দাসদের পরের ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, ১৬ স্পেটেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ আফগানিস্তানের সঙ্গে। 

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ ১৪ সেপ্টেম্বর। দুই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাবে দুটি করে মোট চারটি দল। সুপার ফোর স্টেজে এক দল ম্যাচ খেলার সুযোগ পাবে তিনটি। সেখান থেকে শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। সূচি প্রকাশ হলেও আরব আমিরাতের কোন ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে, তা এখনো জানায়নি এসিসি।


গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান

গ্রুপ ‘বি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং

এশিয়া কাপের সূচি : 


৯ সেপ্টেম্বর      আফগানিস্তান-হংকং
১০ সেপ্টেম্বর    ভারত-সংযুক্ত আরব আমিরাত
১১ সেপ্টেম্বর    বাংলাদেশ-হংকং
১২ সেপ্টেম্বর    পাকিস্তান-ওমান
১৩ সেপ্টেম্বর    বাংলাদেশ-শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর    ভারত-পাকিস্তান
১৫ সেপ্টেম্বর    সংযুক্ত আরব আমিরাত-ওমান
১৫ সেপ্টেম্বর    শ্রীলঙ্কা-হংকং
১৬ সেপ্টেম্বর    বাংলাদেশ-আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর    পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত
১৮ সেপ্টেম্বর    শ্রীলঙ্কা-আফগানিস্তান
১৯ সেপ্টেম্বর    ভারত-ওমান


সুপার ফোর ও ফাইনালের সূচি

২০ সেপ্টেম্বর    বি১ বি২
২১ সেপ্টেম্বর    এ১–এ২
২৩ সেপ্টেম্বর    এ২–বি১
২৪ সেপ্টেম্বর    এ১–বি২
২৫ সেপ্টেম্বর    এ২–বি২
২৬ সেপ্টেম্বর    এ১–বি১

২৮ সেপ্টেম্বর    ফাইনাল