ম্যানচেস্টারে ইংল্যান্ড আর ভারতের মধ্যে গতকাল শেষ হওয়া চতুর্থ টেস্টের ঘটনা এটি, এতটুকু নিশ্চিত। তবে টেস্টের কোন দিনে ঘটনাটা ঘটেছে, সেটা এখনো নিশ্চিত হতে পারেনি কোনো পক্ষ। তবে ঘটনাটা এমন যে, সামাজিক যোগাযোগমাধ্যম আলোড়ণ ছাপিয়ে বড় খবরই হয়ে উঠেছে সেটি।
খবরটা এই, ভারত-ইংল্যান্ডের টেস্টে এক দর্শক গ্যালারিতে গেছেন পাকিস্তানের জার্সি পরে। ভারত আর পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন গত মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে চূড়ায় উঠেছে, এমন পরিস্থিতিতে গ্যালারিতে অনেক ভারতীয় সমর্থকের মধ্যে পাকিস্তানের জার্সি পরা একজনের উপস্থিতি নিরাপত্তার জন্য হুমকি হওয়ার মতোই বটে। নিরাপত্তাকর্মীরা তাই ওই দর্শককে জার্সিটি ঢেকে ফেলতে অনুরোধ করেন। কিন্তু বারেবারে অনুরোধে রাজি তো হনইনি, ওই দর্শক বরং রেগেমেগে এক পর্যায়ে স্টেডিয়াম ছেড়েই চলে যান! ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট স্টেডিয়াম যাদের ঘরের মাঠ, সেই কাউন্টি দল ল্যাঙ্কাশায়ার জানিয়েছে, তারা ঘটনাটা তদন্ত করে দেখছে।
ক্রিকইনফো জানাচ্ছে, পাকিস্তানের সংবাদমাধ্যম ওই দর্শকের নাম ফারুক নাজার বলে জানিয়েছে। নাজার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটার ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায়, প্রথমে এক নিরাপত্তাকর্মী এসে তাঁকে পাকিস্তানের জার্সিটি ঢেকে ফেলতে অনুরোধ করেন। ল্যাঙ্কাশায়ারে কাজ করেন বলে পরিচয় দেওয়া সেই নিরাপত্তাকর্মীকে ভিডিওতে বলতে দেখা যায়, ‘আমাকে কন্ট্রোল (রুম) থেকে পাঠানো হয়েছে, আপনি দয়া করে শার্টটা ঢেকে ফেলুন।’ গ্যালারিতে শৃঙ্খলা বিধানের কাজ করা কর্মীদের একজনকে পরে ভিডিওতে বলতে শোনা যায়, এই জার্সিটা ‘জাতীয়তাবাদী চেতনা’ উস্কে দিতে পারে।
ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীদের বারেবারে অনুরোধের কারণে নাজার এক পর্যায়ে রেগে যান। এক পুলিশ অফিসার এসে তাঁকে গ্যালারির স্ট্যান্ড থেকে দূরে সরে গিয়ে এই আলোচনা চালাতে অনুরোধ করেন। কিন্তু পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, বিরক্ত হয়ে নাজার জার্সি ঢাকার বদলে শেষ পর্যন্ত স্টেডিয়াম থেকেই বেরিয়ে যান।
ল্যাঙ্কাশায়ার এ নিয়ে বিবৃতিতে বলেছে, ‘যে ঘটনাটা নিয়ে আলোচনা হচ্ছে, আমরা সেটি সম্পর্কে জানতে পেরেছি এবং পুরো ঘটনাটাকে ঘিরে কী হয়েছে, এর পূর্বাপর কী, সেসব জানতে ব্যবস্থা নিয়েছি।’
ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তো অনেক বছর ধরেই চলছেই, সেটার প্রভাব পড়েছে ক্রিকেটেও। ২০১২-১৩ মৌসুমের পর দুই দল কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না, টেস্ট খেলে না সেই ২০০৭-০৮ মৌসুমের পর থেকেই। আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে খেলে, সেটা নিয়েও গত বছর দু-তিনেকে ঝামেলা হচ্ছে অনেক। পাকিস্তানে টুর্নামেন্ট হলে ভারত সেখানে যেতে চায় না, যে কারণে ২০২৩ এশিয়া কাপের পর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্টগুলোর আয়োজনে অন্য দেশের সাহায্য নিতে হয়েছে পাকিস্তানকে। চ্যাম্পিয়নস ট্রফির আগে এ নিয়ে ঝামেলার মধ্যে পাকিস্তানও এখন নিয়ম করিয়ে নিয়েছে যে, ভারতে টুর্নামেন্ট হলে তাদের ম্যাচগুলোও ভিন্ন কোনো দেশে হতে হবে।
গত মে মাসে পেহেলগামে হামলা ও এরপর ভারত-পাকিস্তান সংঘাতের পর আইসিসি-এসিসি টুর্নামেন্টেও দুই দেশের একে অন্যের বিপক্ষে না খেলা নিয়ে আওয়াজ শোনা গিয়েছিল বটে, তবে গত পরশু প্রকাশিত এশিয়ান কাপের ফিকশ্চারে ঠিকই ভারত-পাকিস্তান একই গ্রুপে পড়েছে।
এদিকে ক্রিকইনফো জানিয়েছে, ল্যাঙ্কাশায়ার সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়ন নিয়ে প্রকাশ্যেই কথা বলেছে। ইংল্যান্ডের এক শ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ ল্যাঙ্কাশায়ারের দল ম্যানচেস্টার অরিজিনালসের ৭০ মালিকানা কিনে নিচ্ছে ভারতের আরপিএসজি গ্রুপ। এই গ্রুপের মালিক সাঞ্জীব গোয়েঙ্কা আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসেরও মালিক।