ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে খেলছেন না জাসপ্রীত বুমরা। মূলত চোটের শঙ্কা থাকায় ভারত তাদের দলের সেরা পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না। তবে ইংলিশদের বিপক্ষে সিরিজের পর বুমরাকে নিয়ে আরও সতর্ক হচ্ছে বিসিসিআই।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। এর আগে বুমরাহকে পূর্ণাঙ্গ ফিট দেখতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। যদি তা না হয়, এশিয়া কাপেও তাঁকে রাখবে না বিসিসিআই।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছে বুমরার চোটের প্রবণতা থাকায় তাঁকে এশিয়া কাপে বিশ্রাম দেওয়া হতে পারে।
সেই কর্মকর্তা বুমরার ব্যাপারে বলেন, ‘এটা(বুমরাকে এশিয়া কাপে রাখা) অনেক কঠিন একটি সিদ্ধান্ত হবে। কিন্তু বুমরাহ টেস্ট ক্রিকেট ভালোবাসে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের ঝুঁকি আছে। টি-টোয়েন্টির কথা বলতে গেলে ও জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে পারে, এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি প্রাথমিক প্রস্তুতিও হবে।’
সেই কর্মকর্তা আরও ইঙ্গিত দিয়েছেন, বুমরাহ টেস্ট ক্রিকেটকে বাড়তি গুরুত্ব দেওয়ার জন্য সাদা বলের ক্রিকেটের অনেক ম্যাচ এড়িয়ে যেতে পারেন। এমনটা হয়ে থাকলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বুমরাকে একাধিক সিরিজে না দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।
বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে নভেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও সব ম্যাচে তাঁকে না পাওয়ার সম্ভাবনা আছে। বুমরার ব্যাপারে শেষ মুহূর্তে নির্বাচক অজিত আগারকার ও কোচ গৌতম গম্ভীর সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।