নেদারল্যান্ডসকে দিয়ে এশিয়া কাপের প্রস্তুতি নেবে বাংলাদেশ

আগস্টে দেশের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ভারত সফর স্থগিত করায় এশিয়া কাপের আগের সময়টা ফাঁকা ছিল বাংলাদেশের। এ সময় কোনো সিরিজ খেলতে পারলে ভালো হতো- এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস।

নেপাল, নেদারল্যান্ডস বা অন্য কোনো দলের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তবে নেপাল নয়, এশিয়া কাপের আগে সিরিজ চূড়ান্ত হয়েছে নেদারল্যান্ডসের সঙ্গে। চলতি মাসের শেষ দিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

নেদারল্যান্ডসের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩০ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুদল। পরের দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তিনটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

নেদারল্যান্ডসের সঙ্গে এখন পর্যন্ত ৫টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৪টিতে। দুদল এর আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে মোটে একটি। ২০১২ সালে ডাচদের মাটিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছিল সেটা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের একমাত্র জয়টা পেয়েছে ওই সিরিজেই।

এছাড়া বাংলাদেশের মাটিতে এর আগে একটি ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস। সিলেটে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল ডাচরা।

উল্লেখ্য, নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শেষ করে এশিয়া কাপের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবেন লিটন দাসরা।