অধিনায়ক যা চেয়েছেন, টস হেরেও সেটাই পেয়েছে বাংলাদেশ

মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাংস পেশীতে চোট পেয়েছিলেন মারুফা আক্তার। সে কারণে ওই ম্যাচে ইনিংসের শেষ দিকে আর বোলিং করতে পারেননি তারকা পেসার। শঙ্কা জেগেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে খেলা নিয়েও। তবে শঙ্কা কাটিয়ে দলে আছেন মারুফা। ২০ বছর বয়সী ডানহাতি এ পেসারকে একাদশে রেখেই বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।

তার আগে গুয়াহাটিতে টস জিতে বাংলাদেশকে আগে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন। অবশ্য টসের সময় নিগার সুলতানা জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে বোলিং-ই বেছে নিতেন।

ওয়ানডেতে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সঙ্গে ৪ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে কিউইরা জিতেছে দুটি ম্যাচে। বাকি দুটি ভেস্তে গেছে বৃষ্টিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে প্রথম জয়ের খোঁজে আগের ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। রিতু মনি ও সানজিদা আক্তার মেঘলার জায়গায় একাদশে ঢুকেছেন সুমাইয়া আক্তার ও নিশিতা। অন্যদিকে একাদশে একটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড।  

চলতি বিশ্বকাপে এর আগে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জিতলেও ইংল্যান্ডের কাছে হেরেছেন জ্যোতিরা। অন্যদিকে নিউজিল্যান্ড এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে।

 

বাংলাদেশ একাদশ:

রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিতা আক্তার নিশি।