‘সারপ্রাইজ প্যাকেজ’ সাইফের সেঞ্চুরির অপেক্ষা করছেন বাংলাদেশ কোচ

এশিয়া কাপ থেকে শুরু করে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের দুই সিরিজে বাংলাদেশের প্রাপ্তির হিসেব টানলে সবার আগে একটাই নাম আসবে- সাইফ হাসান। ব্যাটিংয়ে বাংলাদেশ ভরাডুবির মাঝেও আশা আলো হয়ে জ্বলছেন সাইফ। ধারাবাহিক ব্যাটিংয়ের পাশাপাশি সাইফের বোলিংও কাজে লেগেছে বাংলাদেশের। দারুণ ফর্মে থাকা সাইফের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। 

সাইফ হাসানকে ‘সারপ্রাইজ প্যাকেজ’ অ্যাখ্যা দিয়ে সিমন্স জানিয়েছেন, তিনি এই ডানহাতি ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরির অপেক্ষায় আছেন। আজ মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল থেকে হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন বাংলাদেশের হেড কোচ।

বোলিংয়ে সাইফের কার্যকরী ভূমিকা দেখে অবাক হয়েছেন সিমন্স, ‘সাইফ অবশ্যই বল হাতে একটি সারপ্রাইজ প্যাকেজ কারণ আমি আশা করিনি যে সে বল হাতে এখানে আসার পর থেকে এতটা ভালো করবে। কিন্তু তার ব্যাটিং আমি আগেও দেখেছি এবং এটা দারুণ যে সে এখন এসে দেখিয়েছে যে সে কী করতে পারে। এবং আপনি বলতে পারেন এটা একটা সারপ্রাইজ প্যাকেজ, কিন্তু আমরা তার সম্পর্কে আগে থেকেই জানতাম এবং সে যখন সুযোগ পেয়েছে তখন তা কাজে লাগিয়েছে এবং এটা আমাদের জন্য দেখতে দারুণ। সে একটার পর একটা ভালো পারফর্ম করে যাচ্ছে। সামনে আমি তার প্রথম ওয়ানডে সেঞ্চুরির জন্য অপেক্ষা করছি।’ 

সাইফ দলে আসায় বাংলাদেশের ষষ্ঠ বোলিং অপশনের অভাব দূর হয়ে বলে মনে করেন সিমন্স, ‘আমি মনে করি সাইফ এবং শামীম বোলিংয়ে সাহায্য করতে পারে এবং তারা দুজন মিলে ষষ্ঠ বোলারের ভূমিকা পালন করতে পারে। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং এখনকার মধ্যে বোলিংয়ে এতটাই উন্নতি হয়েছে যে অনেক সময় আমরা ষষ্ঠ বোলার ব্যবহারই করি না। সুতরাং, আমি বোলারদের সম্পর্কে এটা বলতেই পারি এবং আমি আপনার সাথে একমত, আমি মনে করি তাদের জন্য ষষ্ঠ বোলার হিসেবে কিছু ওভার পূরণ করার সম্ভাবনা আছে।’  

আগামীকাল দুপুর দেড়টায় ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের পরের ওয়ানডে মিরপুরে আগামী ২১ ও ২৩ অক্টোবর।