মেয়েদের ক্রিকেট

কারণ না জানিয়েই বাংলাদেশের সঙ্গে সিরিজ স্থগিত করল ভারত

চলতি বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। যেখানে হারমানপ্রীত কৌরদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারত সফর পূর্ব নির্ধারিত ছিল বাংলাদেশের। তবে এই সিরিজটি এবার স্থগিত করা হয়েছে।

সিরিজ স্থগিত করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিসিবির এক মুখপাত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। 

বিসিবির সেই কর্মকর্তা আরও জানিয়েছেন, বিসিসিআই থেকে তারা একটি চিঠি পেয়েছেন যেখানে বলা হয়েছে যে সাদা বলের এই সিরিজটি পরবর্তী কোনো তারিখে পুনরায় নির্ধারণ করা হবে।

স্থগিতের কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে ভারত ও বাংলাদেশের চলমান রাজনৈতিক উত্তেজনাই এর বড় কারণ। 

আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ হিসেবে থাকা এই সিরিজটি ছিল উইমেনস প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নতুন আসরের আগে ভারতের শেষ আন্তর্জাতিক সিরিজ। কলকাতা ও কাটাকে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল এবং ওয়ানডে সিরিজ দিয়ে নতুন নারীদের ওডিআই চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হওয়ার কথা ছিল দুই দলের।

এর আগে গুভমান গিলদের বাংলাদেশ সফরও পিছিয়ে দেওয়া হয়েছিল। সেই সিরিজটি ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা থাকলেও সেটি সরিয়ে নেওয়া হয় ২০২৬ সালের সেপ্টেম্বরে। তখন বিসিসিআই জানিয়েছিল, উভয় দলের আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও সময়সূচির সমন্বয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সূচি ও সময়সূচি পরে জানানো হবে বলে উভয় বোর্ডই জানিয়েছে। ধারণা করা হচ্ছে মেয়েদের সিরিজও আগামী বছরের কোনো এক সময়ে পুনরায় নির্ধারণ করা হবে।