এমন নেতা আর দেখেনি কেউ, ভারতেরও ২৫ বছরে এমন দুর্দিন আসেনি

গুয়াহাটি টেস্ট যে সাউথ আফ্রিকা জিততে যাচ্ছে, সেটার ধারণা পাওয়া গিয়েছিল দুদলের প্রথম ইনিংস শেষে। এরপরও আনুষ্ঠানিকভাবে জয় পেতে টেস্টের পঞ্চম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে প্রোটিয়াদের।

আজ টেস্টের শেষ দিনে জয় থেকে ৫২২ রান দূরে ছিল ভারত, অন্যদিকে প্রোটিয়াদের দরকার ছিল ৮ উইকেট। হাতে থাকা এ ৮ উইকেট নিয়ে ভারত দিনটা কাটিয়ে দিয়ে টেস্টটা ড্র করতে পারে কিনা, সেটাই ছিল দেখার। শিমন হার্মার-কেশভ মাহারাজদের সামনে স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা।

৫৪৯ রানের লক্ষ্যে ব্যাটিং করা ভারত আজ দিনের দ্বিতীয় সেশনের অর্ধেকটা কাটিয়ে ১৪০ রানে অলআউট হয়ে যায়। তাতে ৪০৮ রানে ম্যাচ জেতে সাউথ আফ্রিকা। একইসঙ্গে সিরিজও জিতে নেয় ২-০ ব্যবধানে। টেস্টে ভারতের মাটিতে ২০০০ সালের পর এই প্রথম সিরিজ জিতল প্রোটিয়ারা।

২৫ বছর আগে হ্যান্সি ক্রনিয়ের নেতৃত্বাধীন সাউথ আফ্রিকা ভারত সফরে এসে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। এবার টেম্বা বাভুমার অধীনে সেই কীর্তির পুনরাবৃত্তি করল আড়াই দশক পর। একই সঙ্গে অধিনায়ক হিসেবে টেম্বা বাভুমার টেস্টে অজেয় থাকার কীর্তিটাও লম্বা হলো।

বাভুমার অধীনে খেলা ১২ টেস্টের ১১টিই জিতল সাউথ আফ্রিকা। অন্য ম্যাচটি ড্র হয়েছে। যা টেস্টে যেকোনো অধিনায়কের শুরুর ১২ ম্যাচে ম্যাচ জয়ের রেকর্ড। আজ বাভুমা ছাড়িয়ে গেছেন বেন স্টোকস (১০ জয়) ও লিন্ডসে হ্যাসেটকে (১০ জয়)। 

ভারতকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি আরও কিছু লজ্জা দিয়েছে প্রোটিয়ারা। টেস্টে এর আগে ইনিংস ব্যবধানে ৪৬ বার ম্যাচ হারলেও কখনো ৩৪২ রানের বেশি ব্যবধানে ম্যাচ হারেনি ভারত। এবার সেই ভারতকে ৪০৮ রানে হারাল প্রোটিয়ারা। অর্থাৎ রান বিবেচনায় এটাই ভারতের সবচেয়ে বড় হার।

তাতে ভারতের চার দশক আগের একটা লজ্জাও ফিরেছে। গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার সাউথ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো ভারত। ঘরের মাঠে টানা দুই টেস্ট সিরিজেই হার। এর আগে ঘরের মাঠে ভারত টানা দুই টেস্টেই সিরিজ হেরেছিল ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও ১৯৮৪/৮৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে।

এ টেস্টে বিশ্ব রেকর্ড গড়েছেন অ্যাইডেন মার্করামও। স্লিপে দাঁড়িয়ে তিনি ৯টি ক্যাচ নিয়েছেন। লাল বলের ক্রিকেট ইতিহাসে যা এক টেস্টে সর্বোচ্চ।

ভারতকে গুড়িয়ে দেওয়ার পথে প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া হার্মার পরের ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। দুই ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। ভারতের মাটিতে কোনো টেস্ট সিরিজে সাউথ আফ্রিকার পক্ষে যা সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ডেল স্টেইনের ১৫ উইকেট। ভারতের মাটিতে সব মিলিয়ে ২৭টি টেস্ট উইকেট হয়ে গেল হার্মারের। এক্ষেত্রেও স্টেইনকে (২৬ উইকেট) ছাড়িয়ে গেছেন হার্মার।