নারীকে মারধর করে ফোন ছিনতাই, তিন বছরের কারাদণ্ড পেলেন ক্রিকেটার

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আওতাধীন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগে অংশ নিতে গত আগেস্ট ব্রিটেনের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল জার্সিতে যান পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিন দোরিগা। কিন্তু জার্সিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার জন্ম দেন ৩০ বছর বয়সী এ উইকেটকিপার ব্যাটসম্যান।

দ্বীপ অঞ্চল জার্সি সফরে থাকাকালে স্থানীয় এক নারীর ওপর হামলা চালিয়ে তাঁর মোবাইল ফোন ছিনতাই করেন দোরিগা। পরে পুলিশের হাতে ধরা খেয়ে দায় স্বীকার করেন তিনি। ওই ঘটনায় পাপুয়া নিউ গিনির এ ক্রিকেটারকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে জার্সির রয়্যাল কোর্ট। সংবাদমাধ্যম আইটিভি গতকাল শুক্রবার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। 

মূল ঘটনাটি ঘটে চলতি বছরের ২৫ আগস্টে। সোমবার রাত আড়াইটার কিছু আগে সেন্ট হেলিয়ারের হিলারি স্ট্রিট দিয়ে হোটেলে ফিরছিরেন দোরিগা। সে সময় এক নারীর ওপর হামলা চালান তিনি।

ঘটনার বর্ণনায় পুলিশ জানিয়েছে, ওই নারীকে ঘুষি মারেন দোরিগা। এরপর তাঁর ফোন নিয়ে পালিয়ে যান। দোরিগার আঘাতের মাত্রা কেমন ছিল বা ওই নারীর শারীরিক ক্ষয়ক্ষতি নিয়ে কোনো আপডেট জানায়নি পুলিশ।

হামলার ঘটনার দিনই দোরিগাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরের দিন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দোরিগাকে ডাকাতির মামলায় অভিযুক্ত করা হয়। পরে নিউ জার্সির ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে বুধবার (২৭ আগস্ট) ডাকাতির দায় স্বীকার করেন দোরিগা। ঘটনার তিন মাস পর গতকাল শুক্রবার জার্সির রয়্যাল কোর্ট দোরিগাকে তিন বছরের কারাদণ্ড দেয়।

স্টেট অব জার্সি পুলিশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের ডিটেকটিভ সার্জেন্ট জিম ম্যাকগ্রানাহাল বলেছেন, ‘তদন্ত কার্যক্রম খুবই দ্রুতগতিতে হয়েছে। সেখানে একজন অজ্ঞাত সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযুক্ত মোটে কয়েকদিনের জন্য দ্বীপে এসেছিলেন। রাতে একাকী এক নারীর ওপর অজ্ঞাত পরিচয়ে হামলার অভিযোগ পেয়ে আমরা বেশ কয়েকজন গোয়েন্দা ও অন্যান্য ইউনিটকে কাজে লাগাই। এরপর দ্রুত দোরিগাকে শনাক্ত করে গ্রেপ্তার করে চুরি হওয়া সম্পদ উদ্ধার করা হয়।’

সার্জেন্ট জিম আরও বলেন, ‘নারী ও কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা দমনে আমরা কাজ চালিয়ে যাব এবং দ্বীপের মানুষদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেব।’

উল্লেখ্য, জার্সির ওই সফরে ডাকাতির ঘটনার আগে ডেনমার্ক ও কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলেন দোরিগা। পরে ডাকাতিতে জড়িয়ে যাওয়া ও পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর কেনিয়া ও স্বাগতিক জার্সির বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি।