দুর্ভাগ্যের সব সীমানা ছাড়িয়ে গিয়েছে ভারতের কপাল। এমন বিরল ঘটনা ক্রিকেটে এর আগে কখনো দেখা যায়নি। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকার মুখোমুখি ভারত। যেখানে ম্যাচের শুরুতে টস হেরে বিরল এক ঘটনার পাশে নিজেদের নাম লিখিয়েছে লোকেশ রাহুলের দল।
রায়পুরে টস হারার মাধ্যমে ওয়ানডেতে টানা ২০তম টস হারল ভারত। যা ক্রিকেটের ইতিহাসে কখনো কোনো দলের সঙ্গে ঘটেনি।
ভারত সর্বশেষ টস জিতেছিল ২০২৩ সালের বিশ্বকাপে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে এই দুই বছরে ওয়ানডেতে টানা ২০টি টস হেরেছে ভারত।
একটানা ২০টি টস হারার সম্ভাবনা কার্যত অসম্ভব। পরিসংখ্যান বলছে, টানা ২০ ম্যাচে কোনও দলের টস হারার সম্ভাবনা ০.০০০৯৫ শতাংশ। অর্থাৎ ১০ লাখ ৪৮ হাজার ৫৭৬ বারের মধ্যে মাত্র একবার এমন ঘটনা ঘটতে পারে। যা কার্যত অসম্ভবই বলা চলে। কিন্তু ভাগ্য এমনই যে সেই বিরল ঘটনাও সত্যি হয়েছে ভারতের ওয়ানডে দলের সঙ্গে।
এই অস্বাভাবিক পরিসংখ্যান দেখে বিস্মিত ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার জিও স্টারের সঙ্গে আলাপকালে বলেন , “আপনি এটি নিয়ে যতই অনুশীলন করুন, বিপক্ষ দলের অধিনায়ক কী ডাকবে (টস), সেটা আগে থেকে কীভাবে জানবেন?”
এমন বিরল ঘটনা ভারতের সঙ্গে ঘটলেও মাঠের ক্রিকেটে উড়ছে লোকেশ রাহুলের দল। আগে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে ২ উইকেটে ১৯৮ রান করেছে ভারত। ক্রিজে ৫৯ বলে ৬৩ রান করে অপরাজিত আছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বিরাট কোহলি, সঙ্গী রুতুরাজ গায়কোয়াড় ৬৯ বলে ৭৯ রানে খেলছেন। সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে ভারত।