১৪৯ বছরের ইতিহাসে এমন ঘটনা দ্বিতীয়বার দেখল বিশ্ব

অ্যাশেজ নিয়ে উন্মাদনার মাঝেই নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে ঐতিহাসিক এক টেস্টের দেখা মিলল। পঞ্চম দিনে ৪০৯ বলের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে ড্রয়ের সমান এক জয় এনে দিয়েছেন জাস্টিন গ্রেভস ও কেমার রোচ। চতুর্থ ইনিংসে অবিশ্বাস্য দৃঢ়তায় ১৬৩.৩ ওভার ব্যাট করে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইসচার্চ টেস্ট ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রায় সাড়ে পাঁচ সেশন খেলে চতুর্থ ইনিংসে এমন কীর্তি টেস্ট ইতিহাসে বিরল।

চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪৫৭/৬—টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর চেয়ে বড় সংগ্রহ একমাত্র সেই ১৯৩৯ সালে দেখা গিয়েছিল ডারবানে, যেখানে ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে করেছিল ৬৫৪/৫।

ক্রাইসচার্চে প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে অলআউট হওয়ার পর ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে ৫৩১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে দুই দিন টিকে থাকবে এটা কেউই ভাবতে পারেনি। স্বাগতিক নিউজিল্যান্ডের নিশ্চিত জয় আটকে দিয়েছেন শাই হোপ, জাস্টিন গ্রিভস ও কেমার রোচরা।

দ্বিতীয় ইনিংসে ৫৩১ রানের লক্ষ্য নেমে ৬ উইকেটে ৪৫৭ রান তুলে টেস্ট ড্র করেছে ক্যারিবীয়রা। টেস্ট ক্রিকেটের দ্বিতীয় ইনিংসে যা দ্বিতীয় সর্বোচ্চ রানের নজির। শাই হোপের ১৪০ রানের ইনিংসের পর অতিমানবীয় এক ইনিংস উপহার দিয়েছেন জাস্টিন গ্রেভস। ৩৮৮ বলে ২০২ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। গ্রেভসকে সঙ্গ দিয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন কেমার রোচ। ৬৮.১ ওভারের জুটিতে রোচ ২৩৩ বলে ৫৩ রানে টিকে ছিলেন।

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দিনে একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন গ্রেভস। 

চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি করার এলিট ক্লাবে সপ্তম ব্যাটসম্যান এই ডানহাতি। যার মধ্যে চারজনই ওয়েস্ট ইন্ডিজের! আরও বড় কথা, ছয় নম্বর বা তার নিচে নেমে এমন কীর্তি গড়েছেন একমাত্র গ্রেভসই।

প্রথম ইনিংসে শূন্য রানে ফিরেও দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরি, টেস্ট ইতিহাসে এমন কীর্তির মালিক মাত্র দুজন। আগে ছিলেন দক্ষিণ আফ্রিকার ডাডলি নরস, এখন তার পাশে   নাম লেখালেন গ্রেভস। এখানেই থামেননি এই ডানহাতি ব্যাটসম্যান চতুর্থ ইনিংসে দুইটি ১৫০ রানের জুটিতেও নাম লিখিয়েছেন। তার আগে এটি করতে পেরেছিলেন শুধু সুনীল গাভাস্কার।

ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশন শেষে চালকের আসনে ছিল নিউজিল্যান্ড। পঞ্চম দিনের শুরুতেই আগের দিনের সেঞ্চুরিয়ান শাই হোপকে ফেরান জ্যাকব ডাফি। ২৩৪ বলে ১৪০ রান করে ফেরেন হোপ। এরপর ক্রিজে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি টেভিন ইমলাক। 

জ‍্যাক ফোকসের বলে এলবিডব্লিউ হয়ে মাত্র ৪ রানে ফেরেন ইমলাক। দলীয় ২৭৭ রানে ৬ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। ৯৬তম ওভারে ওয়েস্ট ইন্ডিজ উইকেট হারানোর পর তখনো দিনের আরও ৬৮ ওভারের বেশি খেলা বাকি ছিল।

ক্রাইস্টচার্চ টেস্টে কে জানত সেটিই স্বাগতিকদের শেষ সাফল‍্য হয়ে থাকবে। সপ্তম উইকেটে ১৬ বছর ধরে টেস্ট ম্যাচ খেলা কেমার রোচের সঙ্গে ৪০৯ বল কাটিয়ে দেন গ্রেভস। 

১৬ বছরের দীর্ঘ ক‍্যারিয়ারে প্রথম পঞ্চাশের দেখা পান রোচ। আগের সেরা ৪৭ ছাড়িয়ে ১১০ বলে পঞ্চাশ স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ১৬৪তম ওভারে গিয়েও সফলতা গিয়ে একটিও উইকেটের দেখা পায়নি নিউজিল্যান্ড। তবে দিনশেষে আগেভাগেই রিভিউ শেষ করার মাশুল দিয়েছে কিউইরা। আগের তিনটি ব‍্যর্থ রিভিউয়ের জন‍্য পরে আম্পায়ারের ভুল সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ জানাতে পারেনি স্বাগতিকরা।

এ ড্রয়ের ফলে নিউজিল্যান্ডের দীর্ঘ ২১ টেস্টের ‘নো-ড্র’ ধারা ভাঙল। শেষ ড্র কিউইদের মাটি দেখেছিল ২০১৯ সালে, হ্যামিল্টনে ইংল্যান্ডের বিপক্ষে।