বিশ্বকাপের আগে বাংলাদেশের আন্তর্জাতিক কোনো ম্যাচ নেই। প্রস্তুতির মঞ্চ কেবলই বিপিএল। বিশ্বকাপে ‘সি’ গ্রুপের লড়াইয়ের আগে আন্তর্জাতিক কোনো ম্যাচ না পেলেও বিসিবি এবার জানিয়েছে, দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্বকাপের আগে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে, যেখানে প্রতিপক্ষ নামিবিয়া ও আফগানিস্তান।
আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি না জানালেও আজ বাংলাদেশের প্রতিপক্ষ ও ম্যাচ সংখ্যা প্রকাশ করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিপিএল শেষ হলেই দুই-তিন দিনের ছোট একটা ক্যাম্প হবে। এরপর ২৮ জানুয়ারি দল বেঙ্গালুরুতে যাবে। সেখানে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্র্যাকটিস ম্যাচ খেলব আমরা।’
এদিকে বিপিএল শেষ হওয়ার আগেই বিসিবি ক্রিকেটারদের প্রস্তুত করতে চায় বলে জানিয়েছেন নাজমূল আবেদীন, ‘আমাদের প্রস্তুতিটা আমরা খুব হিসেব করে সাজাচ্ছি। বিপিএলে যাদের খেলা আগে শেষ হয়ে যাবে, তাদের নিয়ে আগেভাগেই কাজ শুরু হবে। যারা শেষ চারে কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়—তাদের আগেভাগেই প্রস্তুতির আওতায় আনতে চাই আমরা।’
বিসিবির এই পরিচালক আরও জানিয়েছেন বিপিএলে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বাড়তি সতর্ক থাকবে বোর্ড। এই ব্যাপারে তিনি বলেন, ‘বোর্ডের একজন ট্রেইনার পুরো বিপিএল কাভার করবেন। জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ওয়ার্কলোড জিপিএসের মাধ্যমে মনিটর করা হবে। কেউ যদি 'রেড জোনে' (অতিরিক্ত চাপের মুখে) চলে যায়, তবে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে জানানো হবে যেন তাকে বিশ্রাম দেওয়া হয়।আমাদের ফিজিও ও ট্রেইনাররা নিয়মিত ফ্র্যাঞ্চাইজিগুলোর সাপোর্ট স্টাফদের সঙ্গে যোগাযোগ রাখবেন। জাতীয় দলের স্বার্থে পুরো টুর্নামেন্টজুড়েই এই ম্যানেজমেন্ট প্রক্রিয়া চলবে।’
বিশ্বকাপের উদ্বোধনী দিনেই ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ মাঠে নামবে, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ইংল্যান্ড, নেপাল ও ইতালি।