সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর থেকেই ভারতের কোচ গৌতম গাম্ভীরের চাকরিতে থাকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল। বছরের শেষ দিকে এবার জোর গুঞ্জন ভারতের টেস্ট দলের দায়িত্ব হারাতে পারেন গাম্ভীর। বিসিসিআই সাদা পোশাকের দলের জন্য সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণকে হেড কোচ করার কথা ভাবছে।
এমন গুঞ্জনের মাঝে এবার গম্ভীরকে রীতিমত এক হাত নিয়েছেন সাবেক ইংলিশ স্পিনার মন্টি পানেসার। গুভমান গিলদের লাল বলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে প্রধান কোচ গৌতম গম্ভীরকে ভারতের ঘরোয়া লিগ রঞ্জি ট্রফির কোচদের সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার। তাঁর মতে, টেস্ট ক্রিকেটে শক্তিশালী দল গড়তে হলে ঘরোয়া লাল বলের কাঠামো সম্পর্কে গভীর ধারণা জরুরি।
গম্ভীরকে এক হাত নেওয়া ইংলিশ এই স্পিনারের দাবি, টেস্টে এই মুহূর্তে ভারত একটি দুর্বল দল।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে পানেসার বলেন, ‘গৌতম গম্ভীর সাদা বলের ক্রিকেটে একজন ভালো কোচ, কারণ তিনি সেখানে সফল হয়েছেন। তবে তিনি যদি রঞ্জি ট্রফির কোচ হন, তাহলে উপকৃত হতে পারেন। লাল বলের ক্রিকেটে কীভাবে একটি দল গড়ে তুলতে হয়, সে বিষয়ে রঞ্জি ট্রফিতে কোচিং করা ব্যক্তিদের সঙ্গে তাঁর কথা বলা উচিত। বর্তমানে ভারতের টেস্ট দল দুর্বল—এটাই বাস্তবতা। এতে সময় লাগবে। যখন আপনি তিনজন বড় খেলোয়াড়কে অবসর নিতে দেন, তখন বাকি খেলোয়াড়দের প্রস্তুত রাখা কঠিন হয়ে পড়ে।’
সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ ব্যবধানে সিরিজ হার ভারতীয় দলের দুর্বলতাকেই সামনে এনেছে। শুধু তা-ই নয়, এটি এক বছরের মধ্যে গম্ভীরের অধীনে দেশের মাটিতে দ্বিতীয় সিরিজ হার।
এদিকে শুধু গম্ভীরের সমালোচনা করেই থামেননি পানেসার। টেস্ট দলের বর্তমান অধিনায়ক শুভমান গিলকে নিয়েও কড়া মন্তব্য করেছেন এই স্পিনার। তাঁর অভিযোগ, গিল প্রতিভাবান হলেও মাঝে মাঝে আত্মতুষ্টিতে ভোগেন।
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে গিল প্রসঙ্গে পানেসার বলেন, ‘ও একজন আত্মতুষ্ট (উন্নতির প্রয়োজন বোধ না করা) ক্রিকেটার। ওর অনেক প্রতিভা আছে, কিন্তু ও অলস ধরনের শট খেলতে শুরু করে। বিরাট কোহলির তীব্রতা ও আগ্রাসন সব ফরম্যাটেই স্পষ্ট, কিন্তু শুভমান গিল তা অনুকরণ করতে পারেন না। সব ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব তাঁর জন্য খুব বেশি চাপ। ও সব ফরম্যাটে অধিনায়ক হতে পারে না।’