মোস্তাফিজ ইস্যুতে চটেছেন ভারতের সাবেক ক্রিকেটার 

‘আমেরিকায় ভারতীয়দের বিরুদ্ধে কত হেইট ক্রাইম হয়, তাদের বিরুদ্ধে কিছু বলেছেন?’

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজ আলোচনার কেন্দ্রে মোস্তাফিজুর রহমান। শুধু বাংলাদেশ বললে ভুল হবে মোস্তাফিজ নিয়ে আলোচনা গড়িয়েছে খোদ ভারতেই। আজ আচমকা বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আইপিএলে নিজেদের দল থেকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৯.২০ কোটি রুপিতে নিলাম থেকে তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। 

মোস্তাফিজের বিরুদ্ধে বিসিসিআইয়ের নেওয়া এমন সিদ্ধান্তে চটেছেন ভারতের সাবেক ক্রিকেটার অতুল ওয়াসান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই বিষয়টি অতি দ্রুত অনেক দূর বাড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সরকারকে ইঙ্গিত করে সাবেক ক্রিকেটার বলেছেন, তারা সবসময় দুর্বলের সঙ্গেই অহংকার দেখায়।

ভারতীয় গণমাধ্যম আজ তাক-এ দেওয়া এক সাক্ষাৎকারে অতুল ওয়াসান এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন।  

বাংলাদেশের এক ক্রিকেটারকে (মোস্তাফিজ) বাদ দেওয়া হয়েছে। এতে আপনি কী ধরনের প্রভাব পড়বে বলে মনে করেন? এমন প্রশ্নের জবাবে অতুল ওয়াসান বলেন, ‘আমার মনে হচ্ছে, এই যে বিতর্কটা, এই পুরো বিষয়টা—এত দ্রুত এটা কীভাবে আপনারা এতটা বাড়িয়ে দিচ্ছেন? আপনি জানেন, সরকার আমাদের থেকে বেশি পরিণত; তারা জানে কীভাবে বিষয়টা সামলাতে হয়। আপনারা এটাকে শুধু টোকেনিজম বানিয়ে এত বড় ইস্যু করে ফেলেছেন—দেশদ্রোহী বানিয়ে দিয়েছেন।’

বাংলাদেশে হওয়া সাম্প্রতিক ঘটনাতে ভারত সরকার চাইলে ভিন্নভাবে বাংলাদেশকে চাপ দিতে পারত বলে জানান ভারতের সাবেক এই ক্রিকেটার। 

মোস্তাফিজ ইস্যুতে চটেছেন ভারতের সাবেক ক্রিকেটার অতুল ওয়াসান। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতীয় সরকার সবসময় দুর্বলদের সঙ্গে নিজেদের অহংকার দেখায় জানিয়ে অতুল ওয়াসানের ভাষ্য, ‘দেখুন,আমেরিকায় ভারতীয়দের বিরুদ্ধে কত হেইট ক্রাইম হয়েছে—গত বছরে আমার মনে হয় ২৮টি—যেখানে ছয়জন, হিন্দুদের টার্গেট করা হয়েছে। তাহলে কি আপনি আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বা তাদের বিরুদ্ধে কিছু বলেছেন? এই যে অহংকার—সবসময় দুর্বলদের ওপরই দেখান, শক্তিশালীদের ওপর নয়। আর যদি এই যুক্তিই থাকে, তাহলে আমি বলব—ভারতেও খ্রিস্টানদের লিঞ্চিং হয়েছে, মুসলমানদেরও হয়েছে। যদি সেসব নিয়ে সারা দুনিয়া আমাদের বয়কট করে দেয়, তাহলে আমরা কী বলব?’