খুব বেশি নাটকীয়টা নেই। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘিরে কয়েকদিন ধরে যে গুঞ্জন ছড়িয়েছিল, সেটাই বাস্তবে রূপ নিয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জাকের আলীর।
শান্ত ও জাকেরের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে কয়েকদিন ধরেই কথা হচ্ছিল। যদিও চলমান বিপিএলে সেঞ্চুরি করে আলোচনা ঘুরিয়ে দিয়েছিলেন শান্ত। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি ২৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের।
বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন ৭ ব্যাটসম্যান- লিটন কুমার দাস, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারি ও নুরুল হাসান সোহান।
শেখ মেহেদীর সঙ্গে স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। আর পেস বোলার হিসেবে দলে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফউদ্দীন, শরীফুল ইসলাম। এর মধ্যে সাইফউদ্দীন, তানজিম সাকিবরা দলের প্রয়োজনে ব্যাটও চালাতে পারেন।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। ওই গ্রুপে লিটন-সাইফদের সঙ্গী হিসেবে আছে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের সবগুলো ম্যাচই খেলবে ভারতে।
৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইতালির মুখোমুখি হবেন লিটনরা। ১৪ ফেব্রুয়ারি সেখানেই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। আর ১৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবেন ফিল সিমন্সের শিষ্যরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফউদ্দীন, শরীফুল ইসলাম।