বিতর্কিতভাবে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রূপিতে দলে নিলেও বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশের বাঁহাতি পেসারকে দুদিন আগে বাদ দেওয়ার ঘোষণা দেয় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। এর জেরে আগামী ফেব্রুয়ারি থেকে ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিবি।
পুরো ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দেওয়া এই ঘটনার পর আজ পাকিস্তান থেকে ঘোষণা এল, মোস্তাফিজ যোগ দিচ্ছেন পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে।
কোনো দল এখনো নির্ধারিত হয়নি, মোস্তাফিজ শুধুই পিএসএলে নাম নিবন্ধন করিয়েছেন। সে ঘোষণাই আজ পিএসএল সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাদের স্বীকৃত সব একাউন্টে দিয়েছে। মোস্তাফিজ পিএসএলের ১১তম মৌসুমে যোগ দিচ্ছেন ঘোষণা দেওয়া গ্রাফিকটিতে বাংলাদেশি পেসারের ছবিসম্বলিত একটি গ্রাফিক পোস্ট করেছে পিএসএল, সঙ্গে ক্যাপশনে লেখা, ‘ব্যাটসম্যানদের খেলাটা সাবধানেই খেলতে হবে।’ মোস্তাফিজের ডাকনাম ‘ফিজ’ জুড়ে দিয়ে এর সঙ্গে লেখা বাক্যাংশটার অর্থ বাংলায় হতে পারে এমন, ‘নতুন যুগটা হতে যাচ্ছে উচ্ছ্বাসে ভরা।’
আইপিএল আর পিএসএল এবার কাছাকাছি সময়েই হতে যাচ্ছে। আইপিএল ২৬ মার্চ শুরু হয়ে শেষ হবে ৩১ মে। পিএসএল শুরু হবে ২৩ মার্চ, শেষ ৩ মে।
আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়ার পর দুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, পিএসএল এই সুযোগে হাত বাড়াবে মোস্তাফিজের দিকে। শুধু তা-ই নয়, মোস্তাফিজকে লিগের বিজ্ঞাপনী মুখগুলোর একটি বানানোর পরিকল্পনা আছে পিএসএলের, তাঁকে অনেকটা আইকন খেলোয়াড়ের মর্যাদা দেওয়া হতে পারে - এমনও শোনা যাচ্ছে।