বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের কিউই অলরাউন্ডার জিমি নিশামের অজানা এক তথ্য সামনে এনেছেন দলটির কোচ হান্নান সরকার। আগামী ২১ জানুয়ারি ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে নিউজিল্যান্ড, কিন্তু বিপিএলে খেলার জন্য নিশাম জাতীয় দলের সেই সিরিজ থেকে কয়েকদিনের ছুটি নিয়েছেন বলে জানিয়েছেন হান্নান সরকার।
রাজশাহী বিপিএলের ফাইনালে উঠলে সে ম্যাচেও খেলার জন্যই নিশাম ভারতের সিরিজের শুরুর অংশে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বিপিএলের কোয়ালিফায়ার আগামীকাল, যেখানে রাজশাহীর প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। জয় পেলেই ফাইনাল নিশ্চিত হবে, এমন সমীকরণের মাঝে জাতীয় দল উপেক্ষা করে রাজশাহীকে প্রাধান্য দিচ্ছেন নিশাম।
বিপিএলের ফাইনাল আগামী ২৩ জানুয়ারি। টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত বিপিএলে রাজশাহীর হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন নিশাম। নিজের ফেসবুক পেজে নিশামের সঙ্গে এক ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান সরকার।
এদিকে নিশাম জানিয়েছেন, তিনি রাজশাহীর কোচ হান্নান সরকারের অনুরোধেই জাতীয় দল থেকে সাময়িক ছুটি। ইতিমধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) সঙ্গে যোগাযোগ করে ২৩ জানুয়ারি পর্যন্ত খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) সংগ্রহ করেছেন তিনি।
এই ব্যাপারে হান্নান তাঁর ফেসবুক পেজে নিশামের সঙ্গে এক ছবি দিয়ে লিখেন, ‘শুরুতেই বলি, জাতীয় দলের খেলা থাকলেও নিশাম রাজশাহী ওয়ারিয়র্সের সাথে থাকছে বিপিএলের শেষ পর্যন্ত। নিশামকে যখন রিকোয়েস্ট করলাম কোনোভাবে থাকা যায় কি না, সে নিজেও আগ্রহ দেখিয়েছিল। কিন্তু নিশাম আগ্রহ দেখালেই তো শুধু হবে না, দিনশেষে জাতীয় দলের খেলা, নিশামকে যেতেই হতো।’
‘আমাদের দলে নিশামের মতো একজনকে ঐ পজিশনে খুব দরকার তা সবাই জানতাম। তাই যতটা চেষ্টা করার সুযোগ ছিল, আমরা করেছি। বাকি যত প্রসেস সব নিশাম নিজে করেছে। নিজ দেশের ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ, এনওসির ব্যবস্থা থেকে শুরু করে সবই। রাজশাহী ফাইনালে গেলে সেই ম্যাচটা খেলেই ফিরবে সে।’